খাগড়াছড়ি ও পেকুয়ায় গণহত্যা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি ও কক্সবাজারের পেকুয়ায় ২৫ মার্চ নানা আয়োজনে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন একাডেমির সহসভাপতি খগেশ ত্রিপুরা। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। বক্তব্য দেন খাগড়াছড়ি শিল্পী সংসদের সভাপতি মো. আবুল কাসেম ও সাংস্কৃতিক সংগঠন সুর চর্চার পরিচালক বিধান রায় বিশ্বাস। সভায় বক্তারা বলেন, অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে চেয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী। তারপরও বাংলার জনতাকে দাবিয়ে রাখা যায়নি। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনও আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
পেকুয়া: দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এন কামাল হোসেন, পেকুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন, বদিউল আলম, ছৈয়দ নুর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উম্মে কুলসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এ টি এম বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকি প্রমুখ।