খাগড়াছড়ি পৌর কার্যালয়ে অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন
খাগড়াছড়ি পৌরসভার সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে পৌর কার্যালয়ে।টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি শাখার উদ্যোগে এ অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন করা হয়। এলাকার জনগণ যেকোনো বিষয়ে তাঁদের অভিযোগ বা পরামর্শ এ বাক্সে ফেলতে পারবেন। এ উপলক্ষে পৌরসভা কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সনাক খাগড়াছড়ি শাখার আহ্বায়ক অনন্ত বিহারী খীসা। তিনি আশা প্রকাশ করেন, অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপনের ফলে পৌর কর্তৃপক্ষ জনগণের মতামতের গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। পৌর মেয়র রফিকুল আলম সনাকের উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের বাক্স স্থাপন করার দায়িত্ব মূলত পৌর কর্তৃপক্ষের। সনাক এ উদ্যোগ নিয়ে ঠিক কাজটিই করেছে।’ তিনি পৌরসভার সেবার মানোন্নয়নে সনাকসহ সংশ্লিষ্ট সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।