গত চার বছর ধরে চলা দ্বিধাবিভক্ত খাগড়াছড়ি জেলা বিএনপি এখন তিন ধারায় বিভক্ত। নতুন ধারার নেতৃত্বে রয়েছেন প্রধান ধারার নেতা আবদুল ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাই রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঁইয়া। এ বিভক্তির কারণে দীর্ঘদিন ধরে দখলে থাকা খাগড়াছড়ি সংসদীয় আসনটি আগামী নির্বাচনে বিএনপি ধরে রাখতে পারবে কি না এ নিয়ে অনেকে সন্দিহান। তবে বিভক্তি দলের বিজয়ের ব্যাপারে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন দলের নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলা বিএনপির মূল নেতৃত্বে ছিলেন বিতর্কিত ও বহুল আলোচিত সাবেক সাংসদ ও জেলা বিএনপির বর্তমান সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। চার বছর আগে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ানের নেতৃত্বে সৃষ্টি হয় দ্বিতীয় ধারাটি। সর্বশেষ গত জুলাই মাসের প্রথম দিকে বেলায়েত ভূঁইয়ার নেতৃত্বে নাগরিক পরিষদের ব্যানারে তৃতীয় ধারাটি আত্মপ্রকাশ করল। এ ধারাটি আপাতত রামগড় উপজেলাভিত্তিক হলেও জেলার অন্যান্য উপজেলায়ও তাদের উল্লেখযোগ্যসংখ্যক কর্মী-সমর্থক রয়েছে।ওয়াদুদ ভূঁইয়া এক-এগারোর পট পরিবর্তনের পর দুর্নীতির দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত হন। বর্তমানে উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন। নেতা-কর্মীরা জানান, ওয়াদুদ ভূঁইয়ার সাংগঠনিক দক্ষতার কারণে খাগড়াছড়ি জেলায় বিএনপি একসময় শক্ত সাংগঠনিক ভিত্তি পেয়েছিল। বর্তমানে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন ঢাকায় বসেই। জোট সরকারের সময় এলাকায় তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া, দলের জেলা ও বিভিন্ন উপজেলা কমিটি করার সময় ত্যাগী কর্মীদের উপেক্ষা করায় অনেকে ওয়াদুদ ভূঁইয়ার ওপর ক্ষুব্ধ। এ অবস্থায় আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থী কে হবেন জানতে চাইলে ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বাধীন অংশের নেতা জেলা বিএনপির সহসভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ওয়াদুদ ভূঁইয়া আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন এটা প্রায় নিশ্চিত। দলে বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, বড় দল হিসেবে বিভিন্ন ধারা, কোন্দল ইত্যাদি থাকতে পারে। তবে খাগড়াছড়িতে বিএনপির জয় সুনিশ্চিত।দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন অংশের নেতা শামসুল হক বলেন, ‘ওয়াদুদ ভূঁইয়ার ব্যাপক দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে খাগড়াছড়িতে বিএনপির ভাবমূর্তি যখন শূন্যের কোঠায়, তখন সমীরণ দেওয়ান ব্যক্তিগত ইমেজ ও নিবেদিত কর্মীদের প্রচেষ্টায় গত সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি ভোট পেয়েছেন। এবারও তিনি মনোনয়ন পেলে অবশ্যই দলকে খাগড়াছড়ির আসনটি উপহার দিতে সক্ষম হবেন।’সদ্য আত্মপ্রকাশ পাওয়া নাগরিক পরিষদের আহ্বায়ক বেলায়েত ভূঁইয়া অভিযোগ করেন, উপজেলার নিবেদিত ও ত্যাগী কর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নিয়ে কমিটি করা হয়েছে। তাই ত্যাগী কর্মীদের সক্রিয় রাখতে তিনি নাগরিক পরিষদ নামে রামগড় উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করেছেন। উপজেলা কমিটিতে ১০১ জন ও পৌর কমিটিতে ১৫১ জনকে সদস্য করা হয়েছে। মুঠোফোনে তিনি আরও বলেন, এই কমিটি প্রাথমিকভাবে স্থানীয় নির্বাচনে প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ওয়াদুদ ভূঁইয়া ষড়যন্ত্র করে নাগরিক কমিটির সদস্যদের বিএনপির কমিটি থেকে বাদ দেওয়ায় তাঁরা নতুন একটি সংগঠন দাঁড় করিয়েছেন। এ বিষয়ে মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, তিনি (বেলায়েত ভূঁইয়া) জেলা কমিটির সহসভাপতি ছিলেন। নিজেই কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি নতুন সংগঠন করলেও বিএনপির কোনো ক্ষতি হবে না।