খাগড়াছড়ি জেলা বিএনপির নেতা-কর্মীরা দুই ধারায় বিভক্ত হয়ে পড়েছে। উভয় পক্ষই পৃথক পৃথক কর্মসূচিতে অনুগত কর্মী-সমর্থকদের হাজির করে নিজ নিজ অবস্থান তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। এর এক ধারার নেতৃত্ব দিচ্ছেন বিতর্কিত নেতা, সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন বিগত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সমীরণ দেওয়ান। কোনো পক্ষই অপর পক্ষকে ছাড় দিতে রাজি নয়। সংশ্লিষ্ট একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে। জানা গেছে, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এই দুই ধারার নেতা-কর্মীরা জেলা বিএনপির কোনো কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে পারেননি। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের প্রতিবাদে সমীরণ দেওয়ানের পক্ষের লোকজন মিছিল বের করলেও ওয়াদুদ পক্ষ কোনো কর্মসূচি পালন করেনি। সর্বশেষ গত বুধবার ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ওয়াদুদ পন্থীরা জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এবং সমীরণ পন্থীরা তাঁর বাসভবনের সামনে থেকে মিছিল বের করেন। জানা যায়, ওয়াদুদ ভূঁইয়া ঢাকায় অবস্থান করলেও তাঁর বিশ্বস্ত তিন সহযোগী প্রবীণ চন্দ্র চাকমা, মণীন্দ্র লাল ত্রিপুরা ও আবু ইউসুফ চৌধুরী জেলায় বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বীকৃত খাগড়াছড়ি জেলা কমিটি, পৌর কমিটি ও উপজেলা কমিটিগুলো ওয়াদুদ ভূঁইয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁরা দাবি করেন। তাঁর পক্ষের অন্যতম নেতা প্রবীণ চন্দ্র চাকমা বলেন, ‘জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণকে সংগঠিত করে আগামী দিনে জোরদার আন্দোলন করার প্রস্তুতি ও শক্তি জেলা কমিটির রয়েছে। এ লক্ষ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’ সম্প্রতি গণমাধ্যমে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এতে খাগড়াছড়িতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় সমীরণ দেওয়ানের নাম রয়েছে। এ প্রসঙ্গে প্রবীণ চন্দ্র চাকমা বলেন, কিছু ব্যক্তি ষড়যন্ত্র করে কেন্দ্রীয় কমিটির পুরোনো সিদ্ধান্তকে নতুনভাবে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এ তালিকা যে পুরোনো— তালিকায় সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান, সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপি থেকে বহিষ্কৃত ছয়-সাতজন নেতার নাম দেখেই তার প্রমাণ পাওয়া যায়। এই সংবাদের কোনো ভিত্তি নেই।অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ জনগণের দাবি তুলে ধরে আন্দোলন সংগঠিত করতে খাগড়াছড়ি জেলা বিএনপি ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে প্রবীণ চন্দ্র চাকমা বলেন, ক্ষমতাসীন দলের চাপের কারণে জেলা বিএনপি স্থানীয় সমস্যা নিয়ে আন্দোলন করার সুযোগ পায়নি।জানা যায়, ২০০১ সালে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী সাবেক চারদলীয় সরকারের ১১ জন নেতার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তালিকায় ওয়াদুদ ভূঁইয়ার নামও রয়েছে। এদিকে সমীরণ দেওয়ানের পক্ষে কাজ করছেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান রুইথী কার্বারি, কেন্দ্রীয় যুবদলের সহ-উপজাতিবিষয়ক সম্পাদক বাতায়ন দেওয়ান ও যুবদল নেতা আবদুস সালাম প্রমুখ। তাঁরা দাবি করেন, খাগড়াছড়িতে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ প্রকৃত নেতা-কর্মীরা সমীরণ দেওয়ানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। বাতায়ন দেওয়ান জানান, বিএনপির দুঃসময়ে সমীরণের পক্ষের নেতা-কর্মীরা খাগড়াছড়ি জেলায় জাতীয়তাবাদী চেতনা ধারণ করে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। ওয়াদুদ ভূঁইয়ার ষড়যন্ত্রের কারণে তাঁরা কোনো পর্যায়ের কমিটিতে স্থান না পেলেও বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সমীরণ দেওয়ানের নাম প্রকাশ হওয়ায় নেতা-কর্মীরা আরও বেশি উৎসাহিত হয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করছেন। বাতায়ন দেওয়ান বলেন, ‘সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ হওয়ার পর ওয়াদুদ পক্ষের অনেক নেতা-কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। জাতীয়তাবাদী চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করতে সমীরণ দেওয়ানের নেতৃত্বে পুরো জেলায় আমরা সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছি।’