খাগড়াছড়ি বিএনপিতে বিভক্তি আরও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ধারায় বিভক্ত খাগড়াছড়ি জেলা বিএনপির ঐক্যের সম্ভাবনা আপাতত নেই। ১৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভীর সই করা খাগড়াছড়ি জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পর বিভাজন আরও জোরালো হয়েছে। ইতিমধ্যে সমীরণ দেওয়ানের সমর্থকেরা কেন্দ্রঘোষিত কমিটির বিরোধিতা করেছেন। অন্যদিকে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থকেরা বলছেন, যাঁরা বিএনপির রাজনীতি করতে চান, তাঁদের মূল স্রোতের সঙ্গে মিশে বিএনপি করতে হবে। সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, খাগড়াছড়ি জেলা বিএনপি দুই ধারায় বিভক্ত। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নবম জাতীয় সংসদের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির দায়ে ওয়াদুদ ভূঁইয়া জেলে ছিলেন। আদালত তাঁকে ২০ বছরের সাজা দেন। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। জানা যায়, জেল থেকে ছাড়া পাওয়ার পর ওয়াদুদ ভূঁইয়া ঢাকায় অবস্থান করে তাঁর অনুগত নেতা-কর্মীদের দিয়ে দলীয় কাজ পরিচালনা করছেন। সমীরণ দেওয়ান নবম জাতীয় সংসদে বিএনপির প্রার্থী হয়ে ৮৪ হাজার ভোট পেয়েছিলেন। বর্তমানে তিনি এলাকায় থেকে পৃথকভাবে দলের কার্যক্রম চালাচ্ছেন। সমীরণ দেওয়ানের অভিযোগ, গত ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে ফেরার সময় তাঁর কর্মীদের ওপর ওয়াদুদ ভূঁইয়ার লোকজন হামলা চালায়।এতে ছয়জন আহত হন। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের দূরত্ব বাড়ে। এ ছাড়া ২০ ডিসেম্বর তাঁর ডাকা সংবাদ সম্মেলনে আসার সময়ও কর্মীদের ওপর ওয়াদুদ ভূঁইয়ার লোক হামলা চালায়। ১৩ ডিসেম্বর কেন্দ্র থেকে জেলা কমিটি ঘোষণার পর সমীরণ দেওয়ান অভিযোগ করেন, ‘ঘোষিত কমিটিতে বিগত সংসদ নির্বাচনে বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে। যাঁরা সংসদ নির্বাচনে বিএনপির বিরোধিতা করেছিল, তাঁদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ওয়াদুদ ভূঁইয়া কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে এই কমিটি ঘোষণা করিয়েছেন।’ সমীরণ দেওয়ানের অভিযোগ, ‘জেলা কমিটি ঘোষণার পর ওয়াদুদ ভূঁইয়ার ক্যাডাররা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে এলাকায় বিএনপির সুনাম ক্ষুণ্ন হয়েছে।’ ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তিনি। এদিকে সমীরণ দেওয়ানের অভিযোগ নাকচ করে দিয়ে ঘোষিত কমিটির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বলেন, ‘খাগড়াছড়ি জেলা বিএনপিতে কোনো কোন্দল নেই। যে কজন বিরোধিতা করছেন তাঁরা মূলত এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) নেতা-কর্মী।’ তিনি বলেন, ‘তারা যদি বিএনপির রাজনীতি করতে চান তাহলে মূল স্রোতের সঙ্গে মিশে বিএনপি করতে হবে। আমরা তাঁদের স্বাগত জানাব।’ জেলা বিএনপির উভয় পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া তাঁর হারানো অবস্থান ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি বিগত সংসদ নির্বাচনে জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করে ব্যর্থ হন। তাঁর পরিবর্তে দল সমীরণ দেওয়ানকে মনোনয়ন দেয়। কিন্তু সমীরণ দেওয়ান সাংগঠনিকভাবে ওয়াদুদ ভূইয়ার মতো শক্তিশালী নন। তবে তাঁর পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ এবং ওয়াদুদ ভূইয়ার অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এ অবস্থায় সমীরণ গ্রুপের নেতা-কর্মীদের জেলা কমিটি থেকে বাদ দেওয়া এবং এ ব্যাপারে ওয়াদুদ ভূইয়া গ্রুপের কঠোর মনোভাব জেলা বিএনপির দ্বিধা বিভক্তিকে আরও জোরালো করবে বলে বিএনপির সাধারণ কর্মী-সমর্থকেরা মনে করেন।