খাগড়াছড়িতে অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে উপচে পড়া ভিড়
বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের চোখ ধাঁধানো শারীরিক কসরত দেখে মুগ্ধ খাগড়াছড়ির দর্শকেরা। ১ জানুয়ারি সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি।
খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এই প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, অ্যাক্রোবেটিক প্রদর্শনীসমগ্র পৃথিবীতে জনপ্রিয়। এই প্রদর্শনী বারবার দেখবে মানুষ।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির সভাপতি কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম ও খাগড়াছড়ি পুলিশ মো. মজিদ আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের প্রদর্শনী সমন্বয়কারী মো. হাবিবুর রহমান তারাশী অ্যাক্রোবেটিক প্রদর্শনীয় উদ্দেশ্য তুলে ধরেন।