খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির বাগ্যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে সরকারের সাড়ে তিন বছরের শাসনামলে সফলতা-ব্যর্থতা নিয়ে জেলা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। বিএনপি নেতারা দাবি করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার তাদের সাড়ে তিন বছরের শাসনামলে জেলায় হত্যা, নির্যাতন ও মামলা-হামলার মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করেছে। অন্যদিকে বিএনপির নেতাদের এ দাবিকে মিথ্যা, বানোয়াট ও জনগণকে বিভ্রান্ত করার কৌশল বলে নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি উভয় দলের নেতারা পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে (১৫ মে বিএনপি ও ১৭ মে আওয়ামী লীগ) পরস্পরবিরোধী এসব কথা তুলে ধরেন। জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, মহাজোট সরকারের আমলে খাগড়াছড়িতে তাঁদের আট নেতা-কর্মী খুন হয়েছেন। বিভিন্ন সময় হামলায় আহত হয়েছেন প্রায় দেড় হাজার নেতা-কর্মী। এ ছাড়া, অন্তত ১০০টি মামলায় আট থেকে ১০ হাজার নেতা-কর্মীকে বিভিন্ন মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে। খাগড়াছড়ি প্রেসক্লাবে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ‘সরকার দেশের সার্বিক উন্নয়নে ব্যর্থ। তারা জনগণের আস্থা হারিয়ে হত্যা ও গুমের মাধ্যমে বিরোধী দলের কণ্ঠ রোধ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। সরকারি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ষড়যন্ত্রের কারণে ওয়াদুদ ভূঁইয়ার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির নেতারা। তাঁরা গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কর্মসূচিতে বাধা না দেওয়া, ওয়াদুদ ভূঁইয়ার নিরাপত্তা, তাঁর বিরুদ্ধে ‘সব মিথ্যা মামলা’ প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ করার দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মিল্লাত প্রমুখ উপস্থিত ছিলেন।জেলা বিএনপির সংবাদ সম্মেলনের এক দিন পর পাল্টা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য খণ্ডন করেন আওয়ামী লীগের নেতারা। বিএনপির সব অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ নেতারা পাল্টা অভিযোগ করেন, বিএনপি তাদের মৃত নেতা-কর্মীদের যে তালিকা প্রকাশ করেছে তাতে সমাজের ঘৃণিত মাদকাসক্ত, চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তাঁদের দলীয় লোক হিসেবে চিহ্নিত করে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে।জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ২০০৮ সালের নির্বাচনে জয়লাভের পর থেকে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় তা বানচাল করার জন্য বিএনপি নানা ষড়যন্ত্র শুরু করেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম।তিনি বিএনপির দাবি করা নিহত নেতা-কর্মীদের প্রত্যেকের নাম উল্লেখ করে তাঁদের মৃত্যুর কারণ, মৃত্যুর পূর্বে তাঁদের পেশা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি জানান, মৃত ব্যক্তিদের মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনজন চুরি ও মাদকসংক্রান্ত বিরোধের কারণে খুন হন। অন্য তিন ব্যক্তি জমিজমাসংক্রান্ত বিরোধ ও একজন দলীয় কোন্দলে খুন হয়েছেন।জাহেদুল আলম বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত ২০ বছরের সাজাপ্রাপ্ত ওয়াদুদ ভূঁইয়া কিছু কল্পকাহিনি সৃষ্টির মাধ্যমে নিজেদের কলুষিত চরিত্র আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা চালাচ্ছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর কিশোর চাকমা, কল্যাণ মিত্র বড়ুয়া, নির্মল কান্তি দে, মংক্যচিং চৌধুরী প্রমুখ।