খাগড়াছড়িতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী হাওয়া জমে উঠেছে। পোস্টারে ছেয়ে গেছে শহরের প্রতিটি অলিগলি। ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা ছাড়াও প্রচারণা চলছে মাইকের মাধ্যমেও। এতে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে বলে ভোটাররা অভিযোগ করেন। প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতিও দিচ্ছেন বলে জানা গেছে। তবে এ পর্যন্ত প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন ভোটযুদ্ধে নেমেছেন। তবে এবার এখানে মেয়র পদে বিএনপি কোনো প্রার্থী দেয়নি।মেয়র পদপ্রার্থীরা হলেন মহাজোটের পক্ষে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নূর নবী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা, রফিকুল আলম, আইনজীবী নজরুল ইসলাম ও মোকতার হোসেন। লড়াই মহাজোটের নূর নবী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা ও রফিকুল আলমের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ভোটাররা ধারণা করছেন।নূর নবী চৌধুরী ভোটারদের কাছে ডিজিটাল পৌরসভা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি জানান, ডিজিটাল পৌরসভা বলতে তিনি স্বনির্ভর স্বাবলম্বী পৌরসভাকে বোঝাচ্ছেন। গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে মহাজনপাড়া এলাকায় তিনি জনসংযোগ করেন এবং ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা বলেন, সুশাসনই হচ্ছে উন্নয়নের পূর্বশর্ত। মেয়র নির্বাচিত হলে তিনি নাগরিক সেবা ও পৌর শহর উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। পৌরসভাকে একটি সুশাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। সোমবার বিকেলে তিনি ১ নম্বর ওয়ার্ডের সিঙ্গিনালা এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।নাগরিক পরিষদের প্রার্থী রফিকুল আলম নির্বাচিত হলে একটি আদর্শ পৌর প্রশাসন গড়ার লক্ষ্যে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে পৌরসভাকে একটি ‘কার্যকর গণমুখী’ প্রতিষ্ঠানে রূপান্তর করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।নির্বাচনী প্রচারণায় কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরাও পিছিয়ে নেই। প্রতিদিন ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাঁদের মন জয় করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২৬। ভোটকেন্দ্রের সংখ্যা ১৬টি।