খাগড়াছড়িতে আনন্দের ঢেউ
উৎসবে ভাসছে পাহাড়ি জনপদ। বৈসু, সাংগ্রাই, বিজু (বৈসাবি) উৎসবের সপ্তাহ খানেক আগে থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা শেষ হয়েছে। এখন ঘরে ঘরে চলছে খাওয়া-দাওয়ার উৎসব। প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনেরা একে অন্যের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। মঙ্গলবার ভোরে একদল তরুণী খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসান। এর মধ্য দিয়ে শুরু হয় তিন দিনের বৈসাবি উৎসব।খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউটের তিন দিনের বৈসাবি মেলা সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। শত শত আদিবাসী ও বাঙালি অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানে শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বহু জাতি ও বহু ধর্মের দেশ। বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিই এ দেশের সম্পদ। ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।এ দিন সকালে সম্মিলিত বৈসাবি উদ্যাপন কমিটির উদ্যোগে একটি মোটর শোভাযাত্রা হয়। সদর উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রা থেকে সবাইকে বৈসাবির শুভেচ্ছা ও সব ভেদাভেদ ভুলে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শোভাযাত্রায় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সামাজিক নেতাসহ প্রচুর তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাক পরে উপস্থিত হন।পাহাড়ে বৈসাবি উৎসব চলে তিন দিন। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন নিয়ে এ উৎসব। ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী উৎসবকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করে। তবে উৎসবের মূল প্রতিপাদ্য এক ও অভিন্ন। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ। চাকমারা এ উৎসবকে বিজু নামে অভিহিত করে। তিন দিনের বিজু উৎসবের প্রতিদিনের আলাদা নাম রয়েছে। উৎসবের প্রথম দিনকে বলা হয় ফুল বিজু, দ্বিতীয় দিনকে মূল বিজু আর তৃতীয় দিনকে গজ্যাপয্যা দিন বলা হয়। ত্রিপুরা সম্প্রদায় উৎসবকে বৈসু বলে। বৈসুর প্রথম দিনটিকে হারি বৈসু, দ্বিতীয় দিনকে বিসুমা ও তৃতীয় দিনকে বিসিকাতাল বলা হয়। মারমা সম্প্রদায় উৎসবকে সাংগ্রাই নামে অভিহিত করে। সাংগ্রাইয়ের প্রথম দিনকে সাংগ্রাই আকনিয়াহ্, দ্বিতীয় দিনকে সাংগ্রাই আক্রাইনিহ্ ও তৃতীয় দিনকে লাছাইংতার বলা হয়।