খাগড়াছড়িতে আমের ফলনে খুশি চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির আমবাগানগুলোর গাছে গাছে শোভা পাচ্ছে নানা জাতের আম। স্থানীয় কৃষিবিদেরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকায় জেলায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। জেলায় ছোটবড় মিলিয়ে ১৪০টি বাগানে আমের ফলন হয়েছে। বাগানগুলোতে আম্রপালি জাতের গাছই বেশি। পাশাপাশি মল্লিকা, হিমসাগর, গোপালভোগ ও রাংগু জাতের গাছও লাগিয়েছেন চাষিরা। এসব গাছে এখন আম ধরেছে। তবে গাছে যত মুকুল এসেছিল তত আম ধরেনি। সঠিক পরিচর্যা হলে ফলন আরও বাড়ত বলে কৃষিবিদদের অভিমত।খাগড়াছড়ি সদরের বিভিন্ন আমবাগান ঘুরে দেখা গেছে, বাগানের প্রতিটি গাছে আম বেশ বড় হয়েছে। আর কয়েক মাস পরই আম পাকবে। চাষিরা এখন সেই সুসময়ের প্রতীক্ষায় আছেন। খাগড়াছড়ি সদরের ১ নম্বর রাবার বাগান প্রকল্প এলাকায় আমবাগান করেছেন সুশীল কান্তি চাকমা (৫৮)। তিনি জানান, তাঁর বাগানে ২২০টি আমগাছ রয়েছে। এর অধিকাংশই আম্রপালি। এ ছাড়া ১৬টি মল্লিকা ও হিমসাগর জাতের গাছ রয়েছে। গত বছর তিনি ৮০ মণ আম পেয়েছেন। এ বছরও একই পরিমাণ আম পাওয়ার আশা করছেন। তিনি আরও বলেন, ‘গাছে যেভাবে মুকুল এসেছিল সেভাবে ফলন হয়নি। সময়মতো গাছে পানি দিতে পারলে ফলন আরও ভালো হতো বলে তিনি জানান।’খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি গ্রামের বাবু মারমার (২৮) বাগানে ৫০০টি আমগাছ রয়েছে। তিনি জানান, গত বছর ১৪ টনের বেশি আম বিক্রি করেছেন। খরচ বাদ দিয়ে লাভ করেছিলেন চার লাখ টাকার মতো। এবারও একই পরিমাণ আম বিক্রির আশা করছেন তিনি।খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আবহাওয়াও অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এ বছর আমের ফলন বেশি হবে বলে আশা করছি।’ গাছে বেশি মুকুল এলেও প্রত্যাশা অনুযায়ী আম ধরেনি কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেলার অনেকেরই আম চাষে অভিজ্ঞতা নেই। গাছের সঠিক পরিচর্যাও তাঁদের জানা নেই। প্রশিক্ষণ থাকলে আমের মুকুল ঝরে যাওয়া কমাতে পারতেন তাঁরা। ফলনও ভালো হতো। খাগড়াছড়ির আম্রপালি জাতের আম এখন দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। এ জাতের আমের আকার মাঝারি, খেতেও খুব মিষ্টি। এখানকার আম পাকানোর জন্য কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয় না। আম পাকা শুরু হলে এক থেকে দেড় মাসের মধ্যে সব বিক্রি হয়ে যায় বলে চাষিরা জানান।