খাগড়াছড়িতে ইন্টারনেট উৎসবে প্রাণের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ের আগেই অধিকাংশ শিক্ষার্থীই উপস্থিত। ইন্টারনেটের বিশাল দুনিয়ায় হারিয়ে যেতে চায় সবাই। ছিল নতুনকে জয় করার উচ্ছ্বাসও। ২ জুলাই খাগড়াছড়ি জেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আইজেন উৎসবে শিক্ষার্থীদের চোখেমুখে এমন উচ্ছ্বাসই দেখা গেল। প্রথম আলো-গ্রামীণফোন আয়োজিত এই উৎসবে জেলার ১০টি বিদ্যালয় অংশগ্রহণ করে। তিন ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়।
সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। শিক্ষার্থীরা প্রথম ধাপে বহুনির্বাচনী পদ্ধতিতে একটি লিখিত পরীক্ষায় অংশ নেয়। তারপর ছিল দলগতভাবে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান খুঁজে বের করার পালা।
তিন ধাপের প্রতিযোগিতায় দলগতভাবে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় নির্বাচিত হয়। একই বিদ্যালয় থেকে ব্যক্তিগতভাবে ভালো ফলাফল করা পাঁচ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এই শিক্ষার্থীরা পরবর্তী ধাপে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তারা খাগড়াছড়ি জেলার প্রতিনিধিত্ব করবে। পাঁচ শিক্ষার্থী হলো—অন্বেষা চাকমা, উক্রাচিং মারমা, তামান্না আক্তার, সৌরভ মজুমদার ও তানভীর মোস্তফা।
বিজয়ী হওয়ার পর অন্বেষা চাকমা ও উক্রাচিং মারমা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে, বিজয়ী হব এমন আশা করিনি। তবে উৎসবে ভালো ফল করব এই প্রতিজ্ঞা নিয়েই অংশ নিয়েছি। আমাদের আশা এখন পূরণ হলো। পরবর্তী ধাপে আরও ভালো ফলাফল করার আশা ব্যক্ত করল দুজনেই।
উৎসবে ১০টি বিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় টিউফা আইডিয়াল স্কুল দ্বিতীয়, পেরাছড়া উচ্চবিদ্যালয় তৃতীয়, খাগড়াছড়ি আদর্শ উচ্চবিদ্যালয় চতুর্থ ও খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুল পঞ্চম স্থান অধিকার করে।
এ ছাড়া উৎসবে খাগড়াছড়ি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এপি ব্যাটালিয়ন উচ্চবিদ্যালয়, মুনিগ্রাম উচ্চবিদ্যালয়, দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খাগড়াছড়িতে ইন্টারনেট উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করে খাগড়াছড়ি বন্ধুসভা।