খাগড়াছড়িতে এ বছর উচ্চমাধ্যমিকে ভর্তির সুযোগ পাচ্ছে না প্রায় ৭৫০ জন শিক্ষার্থী। সরকারি দুটি কলেজের আসন সংকুলান না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরকারি কলেজে আসনসংখ্যা বাড়ানো হোক।জানা গেছে, খাগড়াছড়ি সরকারি কলেজে আসনসংখ্যা ৪৫০টি। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—এই তিন বিভাগের প্রতিটিতে আসন আছে ১৫০টি করে। কিন্তু এ বছর কলেজ থেকে বিজ্ঞানে ১৮৪, মানবিকে ৪৮৮ ও বাণিজ্যে ৪২০ জন শিক্ষার্থী ভর্তি ফরম সংগ্রহ করেছে। আসনসংখ্যা বাড়ানো না হলে কেবল খাগড়াছড়ি কলেজে ৬৪২ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ সূত্রে জানা যায়, এ কলেজেও বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় আসনসংখ্যা ৪৫০টি। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ভর্তির ফরম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি না হলেও মানবিক বিভাগে ২৫০ শিক্ষার্থী ফরম নিয়েছে। কিন্তু এ বিভাগে আসন আছে ১৫০টি। সে হিসাবে এই কলেজে মানবিক বিভাগে ১০০ ছাত্রী ভর্তি থেকে বঞ্চিত হবে।খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাশ বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশিসংখ্যক ভর্তি ফরম বিক্রি হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও অর্ধেকের বেশি ছাত্রছাত্রীকে আমরা ভর্তির সুযোগ দিতে পারছি না। তবে অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনুরোধে কলেজে মানবিক ও বাণিজ্য বিভাগে দ্বিতীয় শাখা খোলার অনুমতি চেয়েছি। বোর্ড থেকে অনুমোদন পেলে আমরা আরও কিছু ছাত্রছাত্রীকে ভর্তি করাতে পারতাম।’খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া গ্রামের অভিভাবক শুভজ্যোতি চাকমা বলেন, খাগড়াছড়ি জেলা সদরে মাত্র দুটি কলেজ। এখানে ভর্তির সুযোগ না পেলে ছেলেকে বাইরের জেলায় লেখাপড়া করানো তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানান।খাগড়াছড়ি কলেজে ভর্তি ফরম সংগ্রহ করতে এসেছেন মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে শাম্মী আক্তার। তিনি বলেন, ছোট থেকে স্বপ্ন ছিল, এই কলেজে ভর্তি হব। এখন যে অবস্থা দেখছি, ভর্তি হতে পারব কি না, আমার সন্দেহ হচ্ছে। খাগড়াছড়ি কলেজ সূত্রে জানা যায়, ৯ জুন ভর্তি ফরম বিতরণ শেষ হয়েছে। ফল ঘোষণা হবে ১৯ জুন। ভর্তিপ্রক্রিয়া ২৪ তারিখের মধ্যে শেষ করে আগামী মাসের ২ তারিখ থেকে উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু হবে।