খাগড়াছড়িতে কম সুদে ৫০ লাখ টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক
খাগড়াছড়ি জেলার ১৬৮ জন প্রান্তিক কৃষককে কম সুদে (২ শতাংশ) প্রায় ৫০ লাখ টাকার জামানতবিহীন কৃষিঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা। ডাল, তেলবীজ, বিভিন্ন জাতের মসলা এবং ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক বছরের জন্য এ ঋণ দেওয়া হয়েছে।এর মধ্যে খাগড়াছড়িতে ৮২ জনকে ২১ লাখ, দীঘিনালায় ৪৫ জনকে ১২ লাখ, মাটিরাঙ্গায় ৩১ জনকে ১১ লাখ ১০ হাজার ও রামগড়ে ১০ জনকে তিন লাখ ৪০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। এ ছাড়া খাগড়াছড়িতে বিদুষী চাকমাকে তিন লাখ এবং সায়রা বেগমকে ৫০ হাজার টাকা বিশেষ ঋণ দেওয়া হয়েছে নারী উদ্যোক্তা (কিউমেট) কর্মসূচির আওতায়।ঋণ বিতরণ উপলক্ষে সোনালী ব্যাংকের উদ্যোগে সম্প্রতি প্রান্তিক চাষিদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ ও শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া, আবদুল কাইয়ুম, নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী, মো. ইউসুফ ও মো. মফিজুর রহমান। সভায় ঋণ গ্রহীতাদের পক্ষে বক্তব্য দেন কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাউপ্রু মারমা।