দুপুরের ভাত খাওয়ার পর শুরু হয় কর্মযজ্ঞ। প্রথমে কাঁচা কলার খোসা ছাড়িয়ে লেবুর রস মেশানো পানিতে ডুবিয়ে রাখা হয়। এতে গাব চলে যায়। এরপর কায়দা করে কাটা হয়। এই কাটা কলা ভেজে তৈরি হয় চিপস। প্রয়োজনমতো লবণ মিশিয়ে বিক্রির জন্য মোড়কজাত করা হয়। এরপর প্রতি প্যাকেট বিক্রি হয় পাঁচ টাকায়। খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণ বিজয়পাড়ায় কাঁচা কলা থেকে চিপস তৈরি করে পরিবারে সচ্ছলতা এনেছেন মহিলারা। একটি বেসরকারি সংগঠনের প্রশিক্ষণের মাধ্যমে ছয় সদস্যের মহিলা দল চিপস তৈরি ও বাজারজাত করেন। এটিই এখন তাঁদের পরিবারের আয়ের প্রধান উপায়। ছয় সদস্যের মহিলা দলের প্রধান ঝর্ণা চাকমা বলেন, ‘বাজারে যে কলার ছড়া বিক্রি হয় না সেগুলোই আমরা কম দামে কিনে নিই। দুই তিন কাঁদির কলার ছড়া ২০-৩০ টাকায় পাওয়া যায়। এ রকম দুটি ছড়া ৫০ টাকায় কিনে যে চিপস তৈরি করি তা দ্বিগুণ দামে বিক্রি হয়। এক দিনে ৮০-১২০ টাকায় কেনা কয়েকটি ছড়ার কলা থেকে চিপস তৈরি করা যায়, আর তা ১৫০-১৮০ টাকায় বিক্রি করি। ছয় সদস্যের দলটি একসঙ্গে বসে কাজ করি।’তিনি জানান, তাঁরা যে চিপস তৈরি করেন তা সুস্বাদু, পুষ্টিকর। রাসায়নিক পদার্থ মেশানো হয় না। তবে মোড়কজাত করতে একটু সমস্যা হয়, এখন হাতেই কাজটি করতে হচ্ছে।মহিলা দলের সদস্য মিতা চাকমা জানান, পুষ্ট কলা থেকেই চিপস তৈরি করেন তাঁরা। তবে ভাজার সময় সতর্ক থাকতে হয়, নয়তো পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাহাড়ে এত কাজ থাকতে এটা কেন বেছে নিলেন? জানতে চাইলে ঝর্ণা চাকমা বলেন, ‘পাহাড়ে প্রচুর কলা উৎপাদিত হয়। কাঁচা কলা থেকে এমন খাবার তৈরি করা যায় তা আগে আমাদের কল্পনায়ও ছিল না। একটি উন্নয়ন সংস্থা আমাদের প্রশিক্ষণ দিয়েছে।’তিনি জানান, ‘সহজে চিপস তৈরি করা গেলেও বিক্রিতে সমস্যা হয়। কলার চিপস সম্পর্কে অনেকের কোনো ধারণা নেই। অবশ্য যাঁরা একবার চিপস খেয়ে দেখেছেন, তাঁরা বারবার কিনছেন, চিপস বানানোর জন্য উৎসাহ দিচ্ছেন আমাদের।’উন্নয়ন সংস্থা তৃণমূল চিপস তৈরির প্রশিক্ষণ দিয়েছে মহিলাদের। সংস্থার প্রকল্প সমন্বয়ক সুজস চাকমা জানান, তাঁরা একটি প্রকল্পের আওতায় দুটি উপজেলার ২০ গ্রামে মহিলাদের প্রশিক্ষণ দিয়েছেন। পরীক্ষামূলকভাবে চিপস তৈরি করে পাশের দোকানে সরবরাহ করছেন মহিলারা। বাজার সৃষ্টি করা গেলে অনেক পরিবার উপকৃত হবে।