খাগড়াছড়িতে কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের পেরাছড়া গ্রামে কৃষিপণ্য উৎপাদন কোম্পানি সিনজেন্টার উদ্যোগে গত ২৭ এপ্রিল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কৃষকদের উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। সমাবেশে কৃষি সম্প্রসারণ বিভাগের ভাইবোনছড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা লাল কমল চাকমা, পেরছড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপশ্বী বিনয় চাকমা ও সিনজেনটার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক জিয়াউল হক উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশে বোরো মৌসুমে ধান চাষের ক্ষেত্রে লোগো বা রূপা চাষ পদ্ধতি (আধুনিক) অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় কৃষকদের। এই পদ্ধতিতে চাষ করলে প্রচলিত পদ্ধতির চেয়ে বেশি ধান উৎপাদন করা সম্ভব বলে জানানো হয়। কৃষিবিদেরা কৃষকদের জানান, এই পদ্ধতিতে ধানের চারাগুলো উত্তর-দক্ষিণ বরাবর সারি করে লাগাতে হয়। এতে প্রতিটি ধানের চারা সূর্যের আলো পায়। ফলে চারাগুলো পুষ্ট হয়। প্রতিটি সারির মাঝে আট ইঞ্চি ও প্রতিটি চারার মাঝে ছয় ইচ্ছি ব্যবধান রাখতে হয়। প্রতি ১২ সারি অন্তর একটি সারি ফাঁকা রাখতে হয়। এই পদ্ধতি অবলম্বন করলে সার ও কীটনাশক দেওয়া যায় সহজে। আগাছা পরিষ্কার করা যায় দ্রুত।

পেরাছড়া গ্রামের কৃষক অশিখেন্দু চাকমা রূপা পদ্ধতিতে ও জীবিত বরণ চাকমা প্রচলিত পদ্ধতিতে ধান চাষ করেছেন। কৃষক সমাবেশে র্তাঁদের ফলনের তুলনা করা হয়।

দেখা যায়, রূপা পদ্ধতিতে চাষ করে প্রতি কানি জমি থেকে অশিখেন্দু চাকমা ১০৭ আড়ি এবং প্রচলিত পদ্ধতিতে চাষ করে জীবিত বরণ চাকমা ৮৩ আড়ি ধান উৎপাদন করেছেন।

পেরাছড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপশ্বী বিনয় চাকমা বলেন, বোরো মৌসুমে পেরাছড়া ব্লকে ১৮ জন কৃষক তিন হেক্টর জমিতে রূপা চাষ পদ্ধতিতে আবাদ করে ভালো ফলন পেয়েছেন।