খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন
খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার টানা হয়েছে। বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনার ওপর দিয়ে এসব উচ্চচাপের (হাই ভোল্টেজ) তার টানার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে অনেক বাড়ি-ঘর ও স্থাপনা। বাধাগ্রস্ত হচ্ছে বহু উন্নয়ন কার্যক্রম। ভুক্তভোগীদের দাবি, অপরিকল্পিতভাবে টানা তারসহ সঞ্চালন লাইন অপসারণ করে পরিকল্পিত উপায়ে স্থাপন করা না হলে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এতে জান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। খাগড়াছড়ি শহরের মধুপুর গ্রামের মাঝখান দিয়ে গেছে খাগড়াছড়ি-দীঘিনালার ১১ কেভির বৈদ্যুতিক লাইন। এ গ্রামের বৈ-জয়ন্তী বৌদ্ধবিহার সড়কে এক শ মিটারের মধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝখানে পড়েছে। এতে গ্রামের মানুষের চলাচলে ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে তারের লাইন বৈ-জয়ন্তী বিহারের ওপর দিয়ে যাওয়ায় বিহারের ভবনটি দোতলা করা যাচ্ছে না। মধুপুর গ্রামের প্রধান (কার্বারি) বিমল কান্তি চাকমা জানান, প্রতি সপ্তাহে বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠান হয়। এতে শত শত মানুষ যোগ দেন। বিহারের রাস্তার ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় মানুষ চলাচলের সময় আতঙ্কে থাকেন। তা ছাড়া বর্ষাকালে গ্রামের মানুষের মাঝে সব সময় বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার আতঙ্ক বিরাজ করে। তিনি আরও জানান, খুব নিচু দিয়ে ১১ কেভির বৈদ্যুতিক লাইন বিহারের ওপর দিয়ে স্থাপন করায় সামর্থ্য থাকলেও বৈ-জয়ন্তী বৌদ্ধবিহারের ভবন দোতলা করা সম্ভব হচ্ছে না। তিনি অপরিকল্পিত লাইনটি অপসারণ করে পরিকল্পিত উপায়ে স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। স্থানীয়রা জানান, বিদ্যুতের লাইন সরানোর জন্য কর্তৃপক্ষের কাছে অনেকবার মৌখিক আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। তাঁরা বিষয়টাকে তেমন গুরুত্ব দেন না। এ ব্যাপারে জানতে চাইলে খাগড়াছড়ি বিদ্যুত্ কার্যালয়ের এক প্রকৌশলী বলেন, ‘খাগড়াছড়ির এ বৈদ্যুতিক লাইন বহু পুরোনো। যখন টানা হয়েছে তখন ওইসব এলাকায় কোনো স্থাপনা ছিল না। তাই এ সংকটের সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, কয়েক বছর আগে একটি প্রকল্প নিয়ে নতুন লাইন টানার চেষ্টা করা হয়েছিল। প্রকল্পটি অনুমোদন না পাওয়ায় সংস্কার সম্ভব হয়নি।প্রসঙ্গত, ১৯৮৪-৮৫ সালে কোনো পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে খাগড়াছড়িতে বৈদ্যুতিক তার টানা হয়। এসময় লাগানো বৈদ্যুতিক খুঁটির উচ্চতাও ছিল কম।