খাগড়াছড়িতে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
‘তথ্য পাওয়া আমার আইনি অধিকার, সেবা পাওয়া আমার নাগরিক অধিকার, দুর্নীতিমুক্ত দেশ আমার সাংবিধানিক অধিকার’—এ প্রতিপাদ্য নিয়ে ৭ মার্চ খাগড়াছড়ি পৌর টাউন হলে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসন এ গণশুনানির আয়োজন করে। খাগড়াছড়িতে সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের নানা সমস্যার কথা তুলে ধরা হয় এই আয়োজনে। শুনানিতে বক্তারা জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল হকের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পৌর মেয়র রফিকুল আলম ও বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীরা।
গণশুনানিতে খাগড়াছড়ির বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া ব্যক্তিরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। দ্রুত এসব অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমাধানের নির্দেশ দেন দুদকের কমিশনার।