খাগড়াছড়িতে দেওয়া হলো কৃষি উপকরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কৃষক সমিতি ও প্রান্তিক চাষিদের অনুদান হিসেবে ১০টি কলের লাঙল (পাওয়ার টিলার) ও ১৬টি সেচযন্ত্র (পাম্প মেশিন) বিতরণ করেছে। ৬ জানুয়ারি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পরিষদের সদস্য বীর কিশোর চাকমা, চাথোঅং মারমা, প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, অনুদান হিসেবে কলের লাঙল ও সেচযন্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে মূলত কৃষি সমবায়কে লক্ষ্য করে। এর কারণ হলো, কৃষকদের সামগ্রিক কল্যাণ ও উন্নতি করা। অনুদান হিসেবে দেওয়া এসব উপকরণ যেন ব্যক্তি পর্যায়ে ব্যবহূত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। পরে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি কৃষক কল্যাণ সমিতির সম্পাদক বাবু মারমার হাতে কলের লাঙল ও পানছড়ি উপজেলার কানুনগোপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি ইটালিকা চাকমার হাতে সেচযন্ত্র তুলে দেওয়া হয়।