খাগড়াছড়িতে নির্বাচনী পালে হাওয়া
দশম জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পর্যায়ে সাড়া না ফেললেও খাগড়াছড়ি নির্বাচনী (সংসদীয় আসন-২৯৮) এলাকায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এত দিন অনেকটা চুপচাপ থাকলেও প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় নেমে পড়েছেন সংশ্লিষ্ট দলের প্রার্থী ও নেতা-কর্মীরা। দলীয় কার্যালয়গুলো সরগরম হয়ে উঠছে নেতা-কর্মীদের ভিড়ে। নেতা-কর্মীদের প্রচারণায় আঞ্চলিক উন্নয়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে।
দুটি জাতীয় রাজনৈতিক দল ও দুটি আঞ্চলিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে। তাঁরা হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (লাঙ্গল), ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা (হাতি), জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ত্রিপুরা (বই) ও ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা (টেবিল)। প্রসিত খীসার সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও বিধি অনুযায়ী হয়নি জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করে দেন।
গত সোমবার বিকেলে খাগড়াছড়ি শহরের কলেজ সড়কে গিয়ে দেখা যায়, নেতা-কর্মীদের পদচারণে মুখর জেলা আওয়ামী লীগের কার্যালয়। জেলা নেতারা গভীর রাত পর্যন্ত কার্যালয়ে অবস্থান করে বিভিন্ন উপজেলার কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কাজ বুঝিয়ে দিচ্ছেন। সংশ্লিষ্ট উপজেলার নেতারা দায়িত্ব বুঝে নিয়ে নিজ নিজ এলাকায় ছুটছেন প্রচারণার উদ্দেশে।
দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দলের অঙ্গীকার রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি নির্বাচন করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
আওয়ামী লীগ কার্যালয় থেকে ২০০ গজ দূরে কলেজ সড়কের নারকেলবাগানে জেলা জাতীয় পার্টির কার্যালয়। এখানে নেতা-কর্মীদের আগে তেমন না দেখা না গেলেও কয়েক দিন থেকে পাল্টে গেছে চিত্র। দলীয় প্রার্থী সোলায়মান আলম শেঠ নির্বাচনী প্রচারে চট্টগ্রাম থেকে এসে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। গত সোমবার খাগড়াছড়ি এলে জেলা নেতারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
ওই দিন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সোলায়মান আলম শেঠ বলেন, ‘চট্টগ্রাম শহরে বসবাস করলেও খাগড়াছড়ির সঙ্গে আমার নাড়ির সম্পর্ক ৪০ বছরের। নির্বাচিত হলে আমি খাগড়াছড়িকে পর্যটননগর হিসেবে গড়ে তোলা এবং জেলায় শিল্পকারখানা গড়ে তোলার চেষ্টা করব। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নির্বাচনী ব্যস্ততাও চোখে পড়ার মতো। ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন, এর আগে পার্বত্য চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত সাংসদেরা পাহাড়ি জনগণের চাওয়া-পাওয়ার বিষয়টি সংসদে ভালোভাবে তুলে ধরতে পারেননি। ইউপিডিএফ প্রার্থী বিজয়ী হলে পাহাড়ি জনগণের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারসহ নানা সমস্যার কথা সংসদে তুলে ধরবেন। সংগঠনের প্রার্থীর জয়লাভের ব্যাপারে তিনি আশাবাদী। গত সোমবার খাগড়াছড়ি সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে দলীয় সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা)। সমাবেশে দলের নেতা-কর্মীদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ধারণা দেওয়া হয়। সংগঠনের প্রার্থী মৃণাল কান্তি ত্রিপুরা জানান, পার্বত্য চুক্তিতে আওয়ামী লীগ সই করলেও গত পাঁচ বছরে চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি; বরং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের বাঙালি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আদিবাসীদের স্বার্থবিরোধী বন আইন, বন্য পশু-পাখি সুরক্ষা আইন ইত্যাদি বিষয়ে সংসদের ভেতরে-বাইরে তুলে ধরতে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান।