খাগড়াছড়িতে নীল পারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরের মিলনপুর সড়কে বৌদ্ধ বিহারের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়াতে হয়। বিহারের দেয়াল বেয়ে প্রায় ছাদ পর্যন্ত ছড়িয়েছে লতানো নীল পারুলগাছ। রাস্তা থেকে চোখে পড়ে দেয়াল জুড়ে হালকা বেগুনি রঙের ফুল। মহাজনপাড়া, চেঙ্গি স্কয়ার, কল্যাণপুরসহ শহরের বেশ কয়েকটি জায়গায় নীল পারুল ফুটেছে। সীমানা প্রাচীরের সৌন্দর্য বাড়াতে নীল পারুলের জুড়ি নেই। নাম নীল পারুল হলেও পারুল ফুলের সঙ্গে এর মিল নেই। তবে মিল আছে ঢোল কলমি ফুলের সঙ্গে। পাতায় রসুনের গন্ধ। ইংরেজি ভাষা-ভাষীরা হয়তো সে কারণে এই লতার নাম দিয়েছে গার্লিক ভাইন। বৈজ্ঞানিক নাম সিউডোক্লাইম্মা এলাশিয়ম (pseudocalymma allaceum) | মিলনপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, কাচ্ছায়ন ভান্তে জানান, ‘নয় বছর আগে আমি নিজ হাতে এই নীল পারুলগাছটি লাগিয়েছি। গত ছয় বছর ধরে ফুল ফুটছে। পারুল ফুল দেখতে অনেক বৃক্ষ প্রেমী ভিড় জমান প্রতিদিন।’নীল পারুলগাছ লতানো, চিরসবুজ, শক্ত, দীর্ঘ ও ঝোপালো। পাতা যৌগিক দুই বা তিন পক্ষল, আয়তাকার, মসৃণ, চার থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা। হেমন্ত ছাড়া বছরে আরও দু-একবার ফুল ফোটে। ফুলের সামনের দিক ঈষর‌্যা বেগুনি, নলাকার অংশটি ঘিয়ে-সাদা। পাপড়ি ফানেলের মতো, মুখ চার সেন্টিমিটার চওড়া, তাতে পাঁচটি মুক্ত পাপড়ি আছে, সেগুলো গোলাকার ও ছড়ানো। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বিশেষ বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, নীল পারুল জাতটিতে রোগ ও পোকা-মাকড়ের আক্রমণ তেমন হয় না বললেই চলে। কাণ্ড থেকে চারা তৈরি করা যায়। একবার লাগানোর পর পরিচর্যা ছাড়াই অনেক বছর পর্যন্ত ফুল ফোটে।বিভিন্ন ওয়েব সাইট ঘেটে নীল পারুল সম্বন্ধে নানা তথ্য মিলেছে। জানাগেছে, মূলত দক্ষিণ আমেরিকায় এর আদি আবাস ভূমি। সেখানকার বাসিন্দরা একে ফলস গার্লিক বা ছদ্ম রসুন নামেও ডাকেন। এই গাছের পাতা রান্নায় তেজপাতার মতো ব্যবহূত হয়। এর পাতা, বাকল ও শিকড়ে আছে ঔষধি গুণ। অস্থি সন্ধির প্রদাহ (বাত ব্যাথা), হাড়ের গিটে ব্যাথা, মাথাধরা, ঠান্ডা লাগা, জ্বর ও ধূমপানজনিত কাশির উপশম করে এই গাছের রস।