খাগড়াছড়িতে পানি সরবরাহব্যবস্থা নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা শহরে পানি সরবরাহব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। নিয়মিত পানি সরবরাহ না পাওয়ায় গ্রাহকেরা চরম ভোগান্তি পোহাচ্ছে। যেটুকু পানি পাওয়া যায়, তাও অতিরিক্ত আয়রনের কারণে ব্যবহারের অনুপযোগী। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন গ্রাহকেরা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা শহরে পানি সরবরাহ করা হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে। কিন্তু এখানকার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা, অব্যবস্থাপনা, কারিগরি ত্রুটি, লোডশেডিং, লো-ভোল্টেজ ইত্যাদি কারণে পানি সরবরাহে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।সম্প্রতি খাগড়াছড়ি বাজারের দক্ষিণ পাশের পানি সরবরাহ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভূগর্ভ থেকে তোলা পানি পরিশুদ্ধ করার প্লান্টটি খুবই অপরিষ্কার। প্লান্টের চারদিকে শেওলা জন্মেছে। পানিতে অতিমাত্রায় আয়রন মিশ্রণের কারণে পানি কমলা রং ধারণ করেছে। প্লান্টের আশপাশের পরিবেশও অস্বাস্থ্যকর। একই অবস্থা দেখা যায় খাগড়াছড়ি সদর থানাসংলগ্ন হিলটপ ট্রিটম্যান প্লান্টেও। এদিকে ভূগর্ভ থেকে পানি উত্তোলন খাতে গত বছরের ডিসেম্বর পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৬১ লাখ ৯০ হাজার ২০৩ টাকা। অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গ্রাহকদের কাছে পানির বিল বাবদ পাবে ২০ লাখ ৭৯ হাজার ৩০ টাকা। এভাবে খরচ ও আয়ের বিস্তর ব্যবধানের কারণে সরকার বিপুল অঙ্কের লোকসানের সম্মুখীন হচ্ছে।নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ৫৫ হাজার জনসংখ্যা-অধ্যুষিত খাগড়াছড়ি শহরে ৪৩ দশমিক ৭৭ কিলোমিটার পানি সরবরাহ লাইন রয়েছে। গ্রাহক রয়েছেন ৫৮২ জন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দিনে আট লাখ গ্যালন পানি উত্তোলন, ধারণ ও সরবরাহের ক্ষমতা রয়েছে। তবে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হওয়ায় মাত্র দুই লাখ গ্যালন পানি উত্তোলন ও সরবরাহ করা সম্ভব হচ্ছে। ছয় ধরনের (আকারের) সরবরাহ লাইনে গ্রাহকদের পানি সরবরাহ দেওয়া হয়। তবে পর্যাপ্ত লোকবল না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সবকিছু ঠিকমতো দেখভাল করতে পারছেন না।সূত্র জানায়, বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পর্যাপ্ত জনবল নেই। নির্বাহী প্রকৌশলী একই সঙ্গে খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পানি উত্তোলন, সংরক্ষণ ও বিতরণকাজের জন্য কর্মচারী রয়েছেন মাত্র নয়জন, যা প্রয়োজনের তুলনায় কম।জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কাছে মনপুরা আবাসিক এলাকার পানি গ্রাহক মলয় ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন সরবরাহ লাইন থেকে পানি আসে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা। অনেক সময় দু-তিন দিন পানি সরবরাহ বন্ধ থাকে। বর্তমানে সরবরাহ করা পানিতে প্রচুর আয়রন রয়েছে, যা ব্যবহারের অনুপযোগী।’একই এলাকার গ্রাহক জসিম মজুমদার অভিযোগ করেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পানির বিল দেওয়া হয় তিন-চার মাস, অনেক সময় ছয়-সাত মাস পর পর।’খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ‘যতটুকু জানি, লোকবলের অভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারছে না। ফলে পানি সরবরাহব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে।’এ ব্যাপারে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন বলেন, ‘বহু আগে থেকেই জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ খাগড়াছড়ি শহরে পানি সরবরাহ করছে। কিন্তু এখানকার গ্রাহকেরা নিয়মিত পানির বিল পরিশোধ করতে চান না।’ তিনি আরও বলেন, ‘আমাদের লোকবল যেমন নেই, তেমনি বিল পরিশোধে গ্রাহকদের বাধ্য করার মতো ক্ষমতাও নেই। তাই পানি সরবরাহব্যবস্থাটি এখন আমাদের জন্য বিরাট বোঝা হয়ে উঠেছে।’