খাগড়াছড়িতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
খাগড়াছড়িতে গত ২৯ জানুয়ারি স্বেচ্ছাসেবী সংস্থা আলাম ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের আয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে ‘কুষ্ঠ রোগে বালক-বালিকার আর কোনো প্রতিবন্ধিতা নয়’ এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলামের নির্বাহী পরিচালক মহাবীর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক নয়নময় ত্রিপুরা, অরভিল চাকমা প্রমুখ। বক্তারা বলেন, খাগড়াছড়িতে কুষ্ঠ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে। ২০১৬ সালে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪২ জন। অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে পুষ্টিহীন শিশুর জন্ম হচ্ছে। এই শিশুরাই দ্রুত কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে।