খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ কমছে
দেশের উচ্চ ম্যালেরিয়াপ্রবণ এলাকা খাগড়াছড়ি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ অনেক কমে এসেছে। জেলায় ২০০৭ সালে ম্যালেরিয়া রোগে ১০১ জন মারা গেছেন। এরপর ২০০৮ সালে ৫৩ জন, ২০০৯ সালে ১২ জন, ২০১০ সালে ১৩ জন এবং ২০১১ সালের জুন পর্যন্ত সাতজন মারা যান। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রয়াসের ফলে এ রকম সাফল্য অর্জন সম্ভব হয়েছে। স্থানীয় একটি সামাজিককেন্দ্রে ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম: গণমাধ্যমের সহায়তা’ শীর্ষক আলোচনা সভায় জানানো হয় এসব তথ্য।পার্বত্য জেলা পরিষদ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ব্র্যাক ও খাগড়াছড়ি প্রেসক্লাব যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। খাগড়াছড়ির সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। মূল প্রবন্ধ পাঠ করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎ সক সঞ্জীব ত্রিপুরা। সঞ্জীব ত্রিপুরা তাঁর প্রবন্ধে বলেন, ম্যালেরিয়া উচ্চপ্রকোপ অঞ্চলে বিশেষ করে পাঁচ বছরের নিচের বয়সের শিশু ও গর্ভবতী মহিলারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। দেশের ১৩টি জেলার ৭০টি উপজেলায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব বেশি। সরকার ও বিভিন্ন এনজিও ২০১৫ সালের মধ্যে ১৩টি ম্যালেরিয়াপ্রবণ জেলায় বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার ২০০৮ সালের তুলনায় ৬০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলায় চলমান কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে কীটনাশক ওষুধে চুবানো মশারি বিনা মূল্যে বিতরণ, তাৎ ক্ষণিক ম্যালেরিয়া রোগ নিরূপণে রক্ত পরীক্ষা ও রোগ ধরা পড়লে বিনা মূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তিনি ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘ম্যালেরিয়া রোগ শুধু স্বাস্থ্য-কর্মী ও চিকিৎ সকের চিকিৎ সা দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবারই সচেতনতা প্রয়োজন।’ সিভিল সার্জন ডা. হাসান ইমাম চৌধুরী বলেন, ‘মানুষ সচেতন হলে ম্যালেরিয়া অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।’ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পার্বত্য জেলা পরিষদের স্ব্যস্থ্য বিভাগের আহ্বায়ক বীর কিশোর চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, ব্র্যাকের ব্যবস্থাপক রূপম চাকমা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ।