খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দখল করে জেলার বিভিন্ন স্থানে অন্তত চারটি হাটবাজার বসছে। প্রশাসন এসব হাট থেকে বিপুল টাকার রাজস্ব আদায় করলেও এসব হাটের জন্য স্থায়ী কোনো জায়গার ব্যবস্থা করেনি। ফলে দূর-দূরান্ত থেকে আসা কাঁচামাল বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও। সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের খাগড়াছড়ি অংশে সড়ক-সংলগ্ন দুই পাশ জুড়ে বসে খাগড়াছড়ি বাজার, মাটিরাঙা বাজার, গুইমারা বাজার ও তিনটহরী বাজার। এর মধ্যে খাগড়াছড়িতে সপ্তাহের বৃহস্পতিবার, মাটিরাঙায় শনিবার ও গুইমারায় মঙ্গলবার হাট বসে। তিনটহরী বাজার বসে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত। এ ছাড়া খাগড়াছড়ি জেলার বাইরে ফটিকছড়ি, নাজিরহাটের ঝংকার মোড় এবং হাটাহাজারী এলাকায়ও সড়কের ওপর প্রতিদিন বাজার বসে। এসব বাজারে মূলত বিভিন্ন স্থানে উৎপাদিত কলা, আদা, হলুদ ও সবজি বেচাকেনা হয়। তবে স্থানসংকুলান না হওয়ায় বিক্রেতারা প্রায় সময় সড়ক দখল করেই বেচাকেনা করেন। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। গাড়িচালক ও যাত্রীরা জানান, সাধারণভাবে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে দুই-আড়াই ঘণ্টা সময় লাগে। কিন্তু সড়কের ওপর বাজার বসায় বাজারের দিন সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘণ্টা। বাসচালক মুহাম্মদ আবু ছালেহ্ বলেন, খাগড়াছড়ি জেলায় হাটবারের দিন শুধু মাটিরাঙা কিংবা গুইমারা বাজার অতিক্রম করতে অনেক সময় আধা ঘণ্টার বেশি সময় লাগে। জেলার বাইরে ফটিকছড়ি, নাজিরহাটের ঝংকার মোড়, হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় আরও অনেক বাজার আছে। সেগুলোতেও যানজট লাগে। সব মিলে চট্টগ্রাম পৌঁছতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে নিয়মিত যাতায়ত করেন খাগড়াছড়ি বাজারের ব্যবসায়ী মো. হাফিজ। তিনি বলেন, সড়কের চট্টগ্রাম অংশে যানজট তো আছেই। খাগড়াছড়ির অভ্যন্তরে চারটি বাজারে রাস্তা দখল করে হাট বসে। প্রশাসন উদ্যোগ নিলে এসব হাট অন্যত্র সরিয়ে নিয়ে যান চলাচলে সুবিধা করে দিতে পারে। এতে জনদুর্ভোগ অনেকটা কমবে।খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাজার ব্যবস্থাপনা ও কর আদায় করে পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ড কর্তৃপক্ষ। পদাধিকার বলে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ওই কর্তৃপক্ষের প্রধান প্রশাসক। দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কিছু আইনি জটিলতার কারণে হাট-বাজারগুলো নিয়ে সমস্যার সমাধান করা যাচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি জানান, গুইমারা বাজার সমপ্রসারণের জন্য কিছু জায়গা চাওয়া হয়েছিল। কিন্তু মালিকেরা জায়গা না দেওয়ায় কিছু করা যাচ্ছে না। কারণ বাজার ফান্ড কর্তৃপক্ষ কোনো জায়গা অধিগ্রহণ করতে পারে না। তবে কোনো জায়গা অধিগ্রহণ করা হলে তার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আছে। তাই সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসন ও বাজার ফান্ড কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে।