খাগড়াছড়িতে লোডশেডিংয়ে ব্যাহত বোরো চাষ
খাগড়াছড়িতে বিদ্যুতের লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বোরো চাষের আড়াই শ হেক্টর জমির সেচ। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চাষিরা। লোডশেডিং নিয়ন্ত্রণ করা না গেলে বোরোর ফলনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর খাগড়াছড়ি সদর উপজেলায় এক হাজার ৫৭০ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। এর মধ্যে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ ২৫০ হেক্টর, ডিজেলচালিত সেচযন্ত্রের মাধ্যমে এক হাজার ১৭০ হেক্টর ও প্রাকৃতিকভাবে ১৫০ হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে।খাগড়াছড়ির পেরাছড়া গ্রামের কৃষক জ্যোতি বিকাশ চাকমা বলেন, গরম যত বাড়ে, বিদ্যুতের সমস্যা তত বাড়ে। ঘন ঘন লোডশেডিং হয়। আর এ সময়টাতে ধানের থোর আসে। তখন পানির প্রয়োজন বেশি। গিরিফুল এলাকার বাসিন্দা হেডম্যান অনিল কুমার চাকমা বলেন, ‘এ এলাকায় বোরো চাষ বৈদ্যুতিক মোটরের ওপর নির্ভর করে। গ্রীষ্মকালে ঠিকমতো বিদ্যুৎ না পেলে বিপদ। তখন পরিশ্রম করলেও ভালো ফলন ফলানো যায় না।’খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা যুগল পদ দে বলেন, ‘খেতে কাইজথোর আসার পর থেকে ধান তোলার ১৫ দিন আগপর্যন্ত জমিতে পর্যাপ্ত পানি রাখা খুবই জরুরি। এ সময় পানি না পেলে ফলন ভালো হয় না। ’খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমা প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ি জেলায় ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বরাদ্দ দেওয়া হয় সর্বোচ্চ ছয় মেগাওয়াট। তাই সবার চাহিদা পূরণে লোডশেডিং করতেই হয়। অনেক সময় ঘন ঘন লোডশেডিং করতে হয়। তিনি বলেন, শুধু খাগড়াছড়ি সদর উপজেলায় সেচের জন্য ২৩টি ছোট-বড় বৈদ্যুতিক মোটরের অনুমোদন দেওয়া আছে।এদিকে, শুধু পাকা নালার অভাবে খাগড়াছড়ি সদরে কয়েক শ হেক্টর জমি বোরো চাষের আওতায় আনা সম্ভব হচ্ছে না। খাগড়াছড়ি ইউনিয়নের গুগড়াছড়ি বিলে সর্বোচ্চ তিন হাজার ফুট সেচনালা করা গেলে ৩০ হেক্টর জমি সেচের আওতায় যাবে। চম্পাঘাট গ্রামের বাসিন্দা কনক বরণ ত্রিপুরা জানান, তিন বছর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে একটি পাকা নালা নির্মাণ করা হয়েছে। সেটি সম্প্রসারণ করলে সহজেই সেচের আওতা বাড়ানো সম্ভব।হেডম্যান অনিল কুমার চাকমা বলেন, পাকা নালা সম্প্রসারণ ও বৈদ্যুতিক মোটরের ক্ষমতা বাড়ানো গেলে গিরিফুল এলাকায় আরও ১৫-২০ হেক্টর জমিতে বোরো চাষ করা সম্ভব।