খাগড়াছড়িতে শত বছরের পুরোনো বৌদ্ধমন্দির অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়িতে অবস্থিত শত বছরের পুরোনো বৌদ্ধমন্দির সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত বছরের ২ ফেব্রুয়ারি এ মন্দিরটি শতবর্ষে পা রেখেছে। কিন্তু কোনো ধরনের সংস্কার না হওয়ায় মন্দিরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খাগড়াছড়ি সদর থেকে ১৫ কিলোমিটার দূরে মাইসছড়ির একটি টিলার ওপর মন্দিরটি অবস্থিত। সরেজমিনে ঘুরে দেখা যায়, জীর্ণ মন্দিরে প্রার্থনা করছেন কয়েকজন পুণ্যার্থী। মন্দিরের ছাদে ফাটলের সৃষ্টি হয়েছে। এটির কোনো সীমানাপ্রাচীর নেই। মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীলচন্দ্র চাকমা জানান, মন্দিরের গম্বুজটি পুরোনো হয়ে পড়ায় বৃষ্টির সময় ছাদ ঘেমে পানি পড়ে। এতে নষ্ট হচ্ছে মন্দিরের দেয়াল। আগামী দিনে মন্দিরের মাঠে একটি বিদর্শন ভাবনাকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। মাইসছড়ি বাজার চৌধুরী (বাজারের ঐতিহ্যবাহী নেতা) উগ্য চৌধুরী জানান, শত বছরের পুরোনো এই মন্দিরটি রক্ষার জন্য এটির সংস্কার প্রয়োজন। এ ছাড়া মন্দিরের চারপাশে পাকা দেয়াল নির্মাণ জরুরি। দেয়াল না থাকায় বৃষ্টিতে টিলার মাটি ক্ষয় হচ্ছে। প্রতিবছর মাঘী পূর্ণিমায় এ মন্দিরে মেলা বসে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এখানে মাসব্যাপী মেলা হতো বলে জানান মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে মন্দিরটি অতীতের জৌলুশ হারিয়েছে। মন্দির পরিচালনা কমিটির প্রত্যাশা, পার্বত্য জেলা পরিষদ ও জনগণের সার্বিক সহযোগিতায় এ মন্দিরের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।