খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব ৪৯ মণ্ডপে উদ্যাপিত হবে

খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় এবার ৪৯টি পূজামণ্ডপে শরদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে। জেলার মণ্ডপগুলোতে এখন চলছে পূজার প্রস্তুতি। প্রতিমার গায়ে লাগছে তুলির আঁচড়। দম ফেলার ফুরসত নেই প্রতিমাশিল্পীদের। পাশাপাশি স্থানীয় প্রশাসন এবার বেশ আগেভাগেই পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করেছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার নেতারা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এ জন্য পূজা উদ্যাপন পরিষদ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য বলেন, জেলায় এবার ৪৪টি প্রতিমাপূজা, তিনটি স্থায়ী প্রতিমাপূজা ও দুটি ঘটপূজা হবে।
খাগড়াছড়ি জেলা সদরে এবার সবচেয়ে বেশি পূজা হবে। সদর উপজেলায় পূজা হবে ১৬টি। এ ছাড়া মহালছড়িতে দুটি, পানছড়িতে নয়টি, দীঘিনালায় আটটি, মাটিরাঙ্গায় পাঁচটি, গুইমারায় দুটি, মানিকছড়িতে তিনটি, লক্ষ্মীছড়িতে একটি ও রামগড়ে হবে তিনিট পূজা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, শারদীয় দুর্গোৎসবের সময় সব পূজামণ্ডপে পুলিশ প্রশাসন থাকবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।