খাগড়াছড়িতে শেষ হলো আই-জেন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন সপ্তাহ ধরে চলা জমজমাট ইন্টারনেট উৎসবের পর্দা নামল। শেষ হলো খাগড়াছড়ি জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত গ্রামীণ ফোন–প্রথম আলো আই–জেন উৎসব। ‘এ’ ও ‘বি’—এই দুই ক্যাটাগরিতে জেলার ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
খাগড়াছড়িতে গত ২৫ এপ্রিল শুরু হওয়া ইন্টারনেট উৎসব শেষ হয় ১৩ মে। শুরু হয়েছিল খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দিয়ে। আর সমাপনী আসরটি বসে খাগড়াছড়ি পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে।
উৎসবে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারনেটের নানা ব্যবহার দেখানো হয়। পাশাপাশি ছিল ইন্টারনেটভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
‘এ’ ক্যাটাগরির ১০টি বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। ‘বি’ ক্যাটাগরির ১০টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেটবিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।
খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করে সহজেই যেকোনো তথ্য পেতে পারে শিক্ষার্থীরা। এই প্রযুক্তি জ্ঞান অর্জনের পথকে আরও প্রশস্ত করবে বলে আমি মনে করি।’
খাগড়াছড়ির ইন্টানেট উৎসব আয়োজনে সহযোগিতা করেছেন বন্ধুসভার সদস্যরা।