খাগড়াছড়ির আনন্দনগরে জলাবদ্ধতা
খাগড়াছড়ি পৌরসভার আনন্দনগর এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এলাকার লোকজন প্রতিদিন ময়লা পানিতে ডুবে থাকা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পৌরসভার মেয়রের কাছে দাবি জানিয়েছেন। খাগড়াছড়ির প্রাণকেন্দ্র বাজার এলাকার দক্ষিণ-পূর্ব কোণঘেঁষে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকা আনন্দনগর। এখানে ৩৭০টি পরিবারের প্রায় দেড় হাজার মানুষ বসবাস করেন। এলাকাটি নিচু হওয়ায় প্রায় সময় জলাবদ্ধ অবস্থা বিরাজ করে। বিশেষ করে বর্ষাকালে বেশ কিছু বাড়িঘরসহ স্থানীয় সড়কটির বিভিন্ন স্থান পানিতে ডুবে থাকে।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আনন্দনগর এলাকার অন্তত পাঁচটি জায়গায় সড়কের ওপর পানি জমে আছে। স্থানীয় লোকজন জানান, বৃষ্টি হলেই রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। আনন্দনগরের পার্শ্ববর্তী গ্রাম পানখাইয়াপাড়ার ৬০ বছর বয়সী মংক্রে মারমা জানান, নব্বইয়ের দশকে আনন্দনগর এলাকায় জনবসতি গড়ে ওঠে। এর আগে এখানে চাষাবাদ চলত। জনবসতি গড়ার সময় মাটি ভরাট করা হয়নি। তাই এলাকাটি নিচু রয়েই গেছে।জানা গেছে, তিন বছর আগে ভূমিতে পর্যাপ্ত মাটি ভরাট না করে এলাকায় সড়কটি নির্মাণ করা হয়। খাগড়াছড়ি পৌরসভা ‘মাঝারি আকারের শহর উন্নয়ন প্রকল্পের’ আওতায় তিন বছর আগে রড, সিমেন্ট, কংক্রিটের ঢালাই দিয়ে সড়কটি নির্মাণ করে। ফলে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। তার ওপর এ সড়ক দিয়ে ইট, সিমেন্ট, বালুবোঝাই ট্রাক্টর নিয়মিত চলাচল করে। এতে সড়কটি ভেঙে যাচ্ছে।আনন্দনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপনা আচার্য বলেন, বৃষ্টি হলে এ সড়ক দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিশুদের বারান্দায় দাঁড় করিয়ে প্রতিদিনের সমাবেশ করতে হয়।বিদ্যালয়ের পাশে রয়েছে আনন্দনগর শ্রীশ্রী ভুবনেশ্বরী কালীমন্দির। মন্দিরে পানি প্রবেশ করায় পূজা অর্চনা করতে খুবই অসুবিধায় পড়েন পূজারীরা। মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী বলেন, মন্দিরের মেঝে পানিতে তলিয়ে গেছে। মেঝের ওপর বালু দিয়ে এখন কোনোরকমে ব্যবহারের উপযোগী করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এলাকাটি অপেক্ষাকৃত নিচু জায়গায় অবস্থিত। তার ওপর লোকজন নিজ নিজ জমিতে ইচ্ছেমতো মাটি ভরাট করায় পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে জলাবদ্ধতা লেগে আছে। এলাকার বাসিন্দা আশীষ ভট্টাচার্য জলাবদ্ধতাকে ‘এলাকার প্রধান সমস্যা’ উল্লেখ করে তা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পৌর মেয়রের কাছে দাবি জানান।খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ‘আনন্দনগরের সমস্যার কথা আমার জানা আছে। এখানকার বড় সমস্যা হলো পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করতে কেউ জায়গা দিতে রাজি নন। তবু আমি চেষ্টা করব সমস্যা সমাধানের।’