খাগড়াছড়ির চীনা লিচু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদরের ইটছড়ি হেডম্যানপাড়ায় দুই একর পাহাড়ি জমিতে ২০০১ সালে লিচুবাগান করেন সুইসা প্রু মারমা। স্থানীয় কৃষি গবেষণা পুনর্বাসন প্রকল্পের আওতায় তিনি চায়না-২ ও চায়না-৩ জাতের ৩০০ লিচু গাছের চারা লাগিয়েছিলেন বাগানে। লিচুগাছে ফল আসতে শুরু করেছে ২০০৬ সাল থেকে। লিচু বিক্রি করে বছরে তাঁর আড়াই থেকে তিন লাখ টাকা আয় হয়। এ টাকায় ভালোভাবেই সংসার চলছে বলে জানালেন তিনি।কেবল সুইসা প্রু নন, লিচু বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন জেলার বহু চাষি। তবে পানিসংকট না থাকলে লিচুর ফলন আরও বাড়বে বলে জানান চাষিরা। খাগড়াছড়ি বাজারে এখন প্রচুর লিচু এসেছে। চোখ যে দিকে যায়, কেবল লিচু আর লিচু। দেশের নানা স্থান থেকে ফল ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন লিচু কিনতে। জেলার বেশির ভাগ বাড়িতেই লিচুগাছ আছে। সেসব গাছেও এবার ফলন ভালো হয়েছে। বাজারে সারি সারি খাঁচায় শোভা পাচ্ছিল টসটসে লাল-সবুজ লিচু।পাহাড়ি জমিতে চায়না-২ ও চায়না-৩ এ দুই জাতের লিচুর ফলন ভালো হয়। স্থানীয় বাজারে ১০০ লিচু বিক্রি হয় ২০০ থেকে ২৫০ টাকা দরে। বাজারে ভালো দাম পাওয়া যায় বলে এই জাতের লিচু চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন জেলার ফলচাষিরা।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুঁইমারা ইউনিয়নের আনুমিয়াপাড়ায় এক একর জমিতে লিচুর বাগান করেছেন দুই ভাই নুর মোহাম্মদ ও নুর ইসলাম। তাঁরা জানান, চায়না-২, চায়না-৩ ও বোম্বাই—এ তিন জাতের ৭৫টি গাছ আছে বাগানে। এবার ফলন আশানুরূপ হওয়ায় খুশি তাঁরা। এ মৌসুমে এখন পর্যন্ত এক লাখ টাকার লিচু বিক্রি করেছেন তাঁরা। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, জেলার মাটি ও জলবায়ু লিচু চাষের খুবই উপযোগী। পাহাড়ি অঞ্চলে চায়না-২ ও চায়না-৩ এ দুই জাতের ফলন ভালো হয়। এ দুই জাতের লিচু চাষ করলে পার্বত্য চট্টগ্রামের বহু দরিদ্র কৃষক লাভবান হবেন। খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক জানান, লিচুতে এক ধরনের রোগ হচ্ছে আজকাল। এ রোগ হলে ফলের খোসার এক পাশ ফেটে যায়। চাষিরা বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করেও রোগ দমন করতে পারছেন না। আক্রান্ত ফল সহজেই ডাল থেকে ঝরে পড়ে গাছের নিচে।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, যদি সঠিক পরিচর্যা করা হয় তবে একটি লিচু গাছ থেকে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ফল পাওয়া যাবে। একটি গাছ থেকেই বছরে আয় হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা। সে হিসাবে লিচু চাষ অত্যন্ত লাভজনক।