খাগড়াছড়ির তিন গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের তিনটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। জেরকপাড়া, হেমনপাড়া ও রথিচন্দ্রপাড়া নামের এই তিন গ্রামের ১১৫ পরিবারের বেশির ভাগ শিশুই বিদ্যালয়ে যায় না। খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাতমাইল থেকে দুই কিলোমিটার দক্ষিণে এই গ্রাম তিনটির অবস্থান। গ্রামের অধিকাংশ পরিবার দরিদ্র ও জুমচাষের ওপর নির্ভরশীল। জেরকপাড়ার বাসিন্দা উমে কান্তি ত্রিপুরা জানান, এই গ্রাম থেকে সবচেয়ে কাছের প্রাথমিক বিদ্যালয়টিও পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে। দুর্গম পাহাড়ি পথে বিদ্যালয়ে যাওয়া শিশুদের পক্ষে সম্ভব নয়। এ পর্যন্ত যারা পড়াশোনা করেছে, তারা সবাই আত্মীয়ের বাড়িতে থেকে অনেক কষ্টে পড়াশোনা করেছে।তিন গ্রামের মধ্যে শুধু জেরকপাড়ায় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং একটি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। এই বিদ্যালয়ে পড়াশোনা করছে ২৪ জন শিক্ষার্থী। তিন বছর মেয়াদি একটি প্রকল্পের আওতায় পরিচালিত এই বিদ্যালয়ের কার্যক্রম এ বছর শেষ হবে। এরপর শিক্ষার্থীদের ভবিষ্য ৎ কী হবে, তা কেউই জানে না।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেরকপাড়া গ্রামের পরিবারের সংখ্যা ৩০। এই গ্রামে মাত্র দুজন এসএসসি ও একজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী রয়েছে, যারা আত্মীয়স্বজনের বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।গ্রামবাসী নলেন্দ্র ত্রিপুরা জানান, জেরকপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার উপযোগী শিশু রয়েছে ৪০ জন। এদের মধ্যে ২৪ জন উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে, বাকিরা স্কুলে যায় না। একইভাবে হেমনপাড়া ও রথিচন্দ্রপাড়ার প্রায় দেড় শ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।এ বছরের শুরুতে উপজেলা শিক্ষা কমিটি উপজেলায় ১৫টি বিদ্যালয়বিহীন গ্রাম চিহ্নিত করেছে। এ তালিকায় জেরকপাড়া, হেমনপাড়া ও রথিচন্দ্রপাড়াকে সাতমাইল গ্রাম হিসেবে চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়েছে। খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাতমাইল এলাকায় নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও এই তিন গ্রামের বাসিন্দারা খুশি নন। গ্রামবাসী জানান, এলাকাটি তিনটি গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে, আসা-যাওয়ার পথ দুর্গম হওয়ায় শিশুদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়।খাগড়াছড়ি সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ জানান, নতুন কোনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে ওই এলাকার জনসংখ্যা কমপক্ষে দুই হাজার হতে হয়। যদিও পার্বত্য এলাকার জন্য এ সংখ্যা কিছুটা শিথিল করা আছে। পার্বত্য এলাকায়, বিশেষত দুর্গম এলাকায় দুই হাজার জনসংখ্যার গ্রাম খুঁজে পাওয়া যাবে না।চার-পাঁচটি গ্রাম মিলে এই সংখ্যা হতে পারে।অথচ এ এলাকায় একেকটি গ্রামের দূরত্ব এক থেকে দুই কিলোমিটার।তার পরও এসব গ্রামে যদি বেসরকারি উদ্যোগে কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তাহলে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে বই প্রদান করা হবে।