খাগড়াছড়ির দুই সরকারি প্রতিষ্ঠানের কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার দুটি সরকারি প্রতিষ্ঠান একই স্থানে পৃথক দুটি প্রকল্প বাস্তবায়ন করতে চাওয়ায় প্রকল্প দুটি বাস্তবায়নের প্রাথমিক প্রক্রিয়া এখনো শুরু করা যায়নি। বড় অঙ্কের এ দুটি প্রকল্প বাস্তবায়ন-প্রক্রিয়া অবিলম্বে শুরু করা না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না।খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম আদালত ও জেলা শিশু একাডেমীর প্রস্তাবিত পৃথক দুটি ভবন একই স্থানে নির্মাণের প্রস্তাব হওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শিশু একাডেমীর ভবন নির্মাণ প্রকল্পটি ২০১০ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০১৩ সালের জুনে শেষ হওয়ার কথা। প্রায় সাড়ে নয় কোটি টাকার এ প্রকল্প ২০১০ সালের ২ মার্চ একনেক সভায় অনুমোদন লাভ করেছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাজার ফান্ডের খাস ভূমির এক একর জমি ২০০৮ সালে জেলা শিশু একাডেমীর অনুকূলে বন্দোবস্ত দিয়েছে। জায়গাটি বাংলাদেশ শিশু একাডেমী খাগড়াছড়ি শাখার অনুকূলে বরাদ্দ দেওয়ার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক চিঠিও পাঠান গত ৯ মে। এ ছাড়া জেলা শিশু একাডেমীর ভবন প্রস্তাবিত স্থানে নির্মাণের লক্ষ্যে দরপত্র কার্যক্রম শুরু করার জন্য স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরাও গত ৪ জুলাই খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন।অন্যদিকে ২০০৯ সালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করার নির্দেশনা দেয়। প্রথম দিকে আদালত ভবনের জন্য কমপক্ষে ২ দশমিক ৬৯ একর ভূমি অধিগ্রহণ করার কথা বলা হলেও গত বছরের জুলাইয়ে এক সংশোধিত চিঠিতে ১ দশমিক ৭৫ একর ভূমি অধিগ্রহণের কথা বলা হয়েছে।জানা গেছে, ভূমি অধিগ্রহণের সময় জায়গাটি জেলা জজ আদালতের কাছাকাছি যেকোনো সুবিধাজনক স্থানে নির্বাচন করার জন্য বলা হয়। সেই অনুযায়ী জেলা প্রশাসন, মুখ্য বিচারিক হাকিমের আদালত ও জেলা বারের আইনজীবীরা জেলা শিশু একাডেমীর জন্য নির্ধারিত স্থানে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের স্থানটি নির্বাচনের প্রস্তাব করেন। প্রস্তাব অনুযায়ী, গত বছরের ৩০ আগস্ট জেলা প্রশাসক এক চিঠিতে জেলা শিশু একাডেমীর অনুকূলে দেওয়া ভূমির বন্দোবস্ত আদেশ বাতিলের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করেন। জেলা প্রশাসকের এ চিঠির উত্তরে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জানান, জেলা শিশু একাডেমীর ভবন নির্মাণের লক্ষ্যে একনেক সভায় অনুমোদিত প্রকল্পের ভূমি বন্দোবস্ত আদেশ বাতিলের ক্ষমতা তাঁর দপ্তর সংরক্ষণ করে না।এ প্রসঙ্গে খাগড়াছড়ি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অনুপম চাকমা জানান, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবনের ব্যাপারে শর্ত ছিল, জেলা জজ ভবনসংলগ্ন সুবিধাজনক স্থানে জায়গা নির্বাচন করতে হবে। তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া খাগড়াছড়ি আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে এক অনির্ধারিত আলোচনায় বসেন। এতে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন গণপূর্ত বিভাগের (শিশু একাডেমী ভবন নির্মাণের প্রস্তাবিত) জায়গায় হবে বলে জেলা প্রশাসক ঘোষণা দেন। এ ব্যাপারে খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর সরকার বলেন, ‘জেলা শিশু একাডেমী ভবন নির্মাণের জন্য স্থাপত্য অধিদপ্তর থেকে নকশা চাওয়া হয়েছে। নকশা পাওয়া গেলে আমরা প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বান করব। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আমাকে সব সময় ঢাকায় থাকতে হয়। অনেক কিছু আমার অজানা থাকে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।’