খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও মানিকছড়ির বিভিন্ন এলাকায় তামাকচাষ বাড়ছে। প্রতিবছর তামাকচাষের আওতায় যুক্ত হচ্ছে নতুন নতুন জমি। আগে ধান ও অন্যান্য ফসল হতো এমন অনেক জমিতে এখন তামাকের চাষ হচ্ছে। একাধিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান কৃষকদের আগাম টাকা দিয়ে উদ্বুদ্ধ করায় চাষিরা তামাক চাষে ঝুঁকছেন। এতে বিভিন্ন ফসলি জমির পরিমাণ দিন দিন কমছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে। অন্যদিকে তামাকের পাতা শুকানোর জন্য চুল্লিগুলোতে ব্যাপকভাবে বনাঞ্চলের চারাগাছ পোড়ানো হচ্ছে।চাষিরা জানান, অন্য ফসলের তুলনায় তামাক চাষে আয় বেশি হওয়ায় তাঁরা তামাকখেত সম্প্রসারণ করছেন।জানা যায়, রামগড় ১ নম্বর ইউনিয়নের লাছারিপাড়া, লক্ষ্মীছড়া, হাজাছড়া, ওয়াছু মৌজা, ধনীরামপাড়া, মুসলিমপাড়া, পিলাকছড়া, অভ্যা মৌজা, সোনাই আগা ও নলুয়াছড়া এলাকার শতাধিক একর ধানি জমিতে তামাকের চাষ হচ্ছে। তামাকের পাতা শুকানোর জন্য খেতের পাশেই স্থাপন করা হয়েছে বড় বড় চুল্লি। লক্ষ্মীছড়ার কৃষক মো. হারুন ও দুধু মিয়া জানান, প্রতিটি চুল্লিতে প্রতিবার ২০০ কেজি কাঁচা পাতা শুকানো হয়। এজন্য কাঠ লাগে পাঁচ হাজার টাকার (প্রায় ১০০ মণ)। এদিকে, মাটিরাঙা উপজেলার ভারত সীমান্তসংলগ্ন তবলছড়ি, তাইন্দং, কালাপানি, বেলছড়ি, গুমতি, বরনাল এবং মানিকছড়ির বাটনা এলাকায় পাঁচ শতাধিক একর জমিতে তামাকের চাষ হচ্ছে। পাতা শুকাতে এখানে ৬০টি চুল্লি স্থাপন করা হয়েছে। জানা যায়, এ অঞ্চলে উৎপাদিত তামাক মানিকছড়ির আড়তে প্রথমে জমা হয়। পরে সেগুলো অন্য জায়গায় চালান দেওয়া হয়। লাছাড়িপাড়ার কৃষক মো. মুজিবুর রহমান, আবদুল খালেক মোল্লা ও মংপ্রুচাই মারমা জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ও আবুল খায়ের গ্রুপের স্থানীয় প্রতিনিধিরা সার, বীজ, কীটনাশকসহ টাকা দিয়ে চাষিদের সার্বক্ষণিক সহযোগিতা দেন। এ ছাড়া অন্য ফসলের তুলনায় তামাক চাষে আয় কয়েকগুণ বেশি। ভালো আয় ও কোম্পানির লোকদের সহযোগিতা থাকায় তাঁরা প্রতিবছর তামাক চাষের দিকে ঝুঁকছেন। রামগড় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক ও সংশ্লিষ্ট বিভাগের মাঠকর্মীরা জানান, প্রথমে অল্প জমিতে তামাক চাষ হয়েছিল। কিন্তু ধীরে ধীরে চাষের আওতা বাড়ে। ভবিষ্যতে আরও বাড়তে পারে। এভাবে দিন দিন ফসলি জমির পরিমাণ আশঙ্কাজনক ভাবে কমছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল হক তামাক চাষের বিষয়টি নিশ্চিত করে এর ক্ষতিকর দিক সম্পর্কে বলেন, ‘তামাক চাষে মাটির উর্বরা শক্তি নষ্ট হয়। কয়েকবার তামাক চাষ করা জমিতে অন্য ফসলের উৎপাদন ভালো হয় না। এসব ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকেরা সচেতন নন।’ তাঁর মতে, কিছু লোক নিরীহ কৃষকদের বেশি লাভের প্রলোভন দেখিয়ে ধানি জমিতে তামাক চাষে উৎসাহিত করছেন। তিনি বলেন, ‘ক্ষতিকর তামাক থেকে চাষিদের ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোও হয়েছে। তবে সরকারিভাবে নিষিদ্ধ না হওয়ায় এ ব্যাপারে জোর করা যাচ্ছে না।’ রামগড় পৌর মেয়র মো. মোজ্জামেল হোসেন চৌধুরী এ প্রসঙ্গে জানান, কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, তামাকের জমিতে পরে ফসলের স্বাভাবিক উৎপাদন হয় না। এতে জমির উর্বরা শক্তি মারাত্মকভাবে কমে যায়। তিনি বলেন, ‘কৃষকেরা এর ক্ষতিকর দিক সম্পর্কে আগে থেকে জানলে কখনোই এ সর্বনাশা কাজ করতেন না।’ এ ব্যাপারে উপজাতি নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উপজাতি নেতা ও রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মংসেপ্রু কারবারি তামাকের আগ্রাসন প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। তামাক চাষের কারণে এলাকায় শাকসবজির উৎপাদন অনেকটা কমে যাচ্ছে। পাহাড়ি হেডম্যান ও কারবারিদের নিয়ে প্রত্যন্ত এলাকার কৃষকদের মাঝে তামাকবিরোধী সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মত দেন। পিলাক এলাকার পাহাড়ি নেতা সাথোই কারবারি এবার প্রথম তামাক চাষ করেছেন। তিনি জানান, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে তাঁর জানা ছিল না। সম্প্রতি কৃষি কর্মকর্তার কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তাই আগামী দিনে তামাক চাষ না করে শাকসবজি লাগাবেন। কৃষি বিভাগ কিংবা জেলা পরিষদ থেকে সেচযন্ত্র নেবেন। কৃষি কর্মকর্তারা সেচযন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি জানান। এদিকে, তামাকের পাতা শুকানোর চুল্লিগুলোতে ব্যাপকভাবে কাঠ পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। তামাক চাষ অধ্যুষিত এলাকাগুলোয় বনের চারাগাছ কেটে সাবাড় করা হচ্ছে। এ বিষয়ে রামগড় বন বিভাগের উপ রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম সরকার জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। খোঁজ নিয়ে দোষী লোকজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।