খাগড়াছড়ির বেইলি সেতুগুলো পথের কাঁটা
খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কের ৭১টি বেইলি সেতুর মধ্যে ৬৩টিই জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব সেতু এখন জনগণের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত এক মাসে জেলার বিভিন্ন স্থানে অন্তত চারটি বেইলি সেতুর পাটাতন খুলে পড়েছে। এতে সাময়িকভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এসব সেতু মেরামত ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে হিমশিম খাচ্ছে। জানা গেছে, সব কটি বেইলি সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।গত ২৫ ডিসেম্বর খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা সেতুর দুটি পাটাতন খুলে পড়ে যায়। ওইদিন আট ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। একই দিন অতিরিক্ত ভারী পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মেজারপাড়া বেইলি সেতু ও পানছড়ি-লোগাং সড়কের বড়পেরা বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ডিসেম্বরের প্রথম দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা এলাকার শিলাছড়া সেতুটির পাটাতন খুলে পড়ার কারণে কয়েক ঘণ্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের মেজারপাড়ার বেইলি সেতুর ওপর দিয়ে ২৫ ডিসেম্বর রাতে অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাক পার হচ্ছিল। ট্রাকটি সেতুর ওপর ওঠার পর সেটি এক পাশে হেলে পড়ে। এ সময় সেতুর কয়েকটি পন্টুন বাঁকা হয়ে যায়। শেষ পর্যন্ত ট্রাকটি কোনো রকমে সেতু পার হতে পারলেও পরে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। সড়ক বিভাগ চার দিন চেষ্টার পর সেতুটির পাশে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে যানচলাচলের ব্যবস্থা করে। সেতুটি বর্ষাকালে অচল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট লোকজন।পানছড়ি-লোগাং সড়কের বড়পেরা বেইলি সেতুর ওপর দিয়ে ধানভর্তি ট্রাক অতিক্রম করার সময় সেতুর কয়েকটি পাটাতন খুলে যায়। পরে সেতুটি মেরামত করা হলেও তিন দিন পর (২৮ ডিসেম্বর) লোগাং থেকে গাছভর্তি ট্রাক যাওয়ার সময় এটি আবার ভেঙে যায়। চার দিন মেরামতের পর ১ জানুয়ারি সন্ধ্যায় সেতুটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হয়। সরেজমিনে দেখা যায়, বেইলি সেতুর অধিকাংশই জরাজীর্ণ। গাড়ি উঠলেই সেতুগুলো দুলতে থাকে। এতে অনেক সময় সেতুর নাটবল্টু খুলে পড়ে। ঝালাই করে পাটাতনগুলো ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সওজের কর্মীরা। তবে তাঁরা জানান, অতিরিক্ত ভারী ট্রাক চলাচলের কারণে এই ঝালাইও বেশি দিন টিকছে না। কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত নাটবল্টু খুলে যাওয়ার বিষয়টিও কর্তৃপক্ষের নজরে আসে না। সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান বলেন, ‘অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে বেইলি সেতুগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে নিষেধ করা হলেও কেউই তা শুনছে না।’উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম ভূঁইয়া বলেন, ‘সবগুলো বেইলি সেতু মেয়াদোত্তীর্ণ। এসব সেতুর বড় সমস্যা হচ্ছে, এগুলোর কোনো যন্ত্রাংশ পাওয়া যায় না। তাই ক্ষতিগ্রস্ত সেতু ঠিক করতে আমরা হিমশিম খাচ্ছি।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সেতুগুলো নতুন করে তৈরির ব্যাপারে ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি।