খাগড়াছড়ির সব হাসপাতালেই নার্স-সংকট
খাগড়াছড়ি জেলায় সরকারি হাসপাতালগুলোতে নার্স–সংকটের কারণে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা। জেলার হাসপাতালগুলোতে ৬০ জন নার্সের পদ দীর্ঘদিন ধরে শূন্য।
খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সরকারি হাসপাতালগুলোতে ১৪৯ জন নার্সের পদ থাকলেও কর্মরত আছেন ৮৯ জন। ৬০ জন নার্সের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালে ৩২টি নার্সের পদ আছে। কিন্তু কর্মরত আছেন ২৯ জন। শূন্যপদ আছে তিনটি। মহালছড়ি স্বাস্থ্যকেন্দ্রে ১৫টি পদ থাকলেও কর্মরত আছেন আটজন, শূন্যপদ রয়েছে সাতটি। দীঘিনালায় স্বাস্থ্য কমপ্লেক্সে পদের সংখ্যা ১৬টি হলেও কর্মরত আছেন ১১জন, শূন্যপদ রয়েছে পাঁচটি। পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬টি পদ থাকলেও কর্মরত আছেন আটজন। শূন্যপদ রয়েছে আটটি। মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭টি পদ থাকলেও কর্মরত আছেন আটজন। শূন্যপদ রয়েছে নয়টি। তবলছড়ি পল্লি স্বাস্থ্যকেন্দ্রে সাতজন নার্সের পদ থাকলেও একজন কর্মরত আছেন। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭টি পদ থাকলেও কর্মরত আছেন ১১ জন, শূন্যপদ রয়েছে ছয়টি। মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের ১৪টি পদ আছে। কর্মরত আছেন আটজন, শূন্যপদ রয়েছে ছয়টি। লক্ষ্মীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরিকৃত পদসংখ্যা ১৪টি, কর্মরত আছেন তিনজন, শূন্যপদ রয়েছে ১১টি।
খাগড়াছড়ি সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার বলেন, ‘খাগড়াছড়ির ৬০ জন নার্সের পদ দীর্ঘদিন ধরে শূন্য। আমি নিজে বিভিন্ন বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেছি। লিখিতভাবে মন্ত্রণালয়ে অভিযোগ করেছি। আশা করছি নার্সের সংকট অচিরেই কেটে যাবে।’