খাগড়াছড়ির ১১ কলেজে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন
খাগড়াছড়ি জেলায় এবারের এইচএসসি পরীক্ষা পাসের হার ৫৪ দশমিক ০৫। গত বছর ছিল ৫৪ দশমিক ৬১। জেলার ১১টি কলেজের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন তিন প্রতিষ্ঠানের মাত্র পাঁচজন—খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে তিনজন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মানিকছড়ি গিরিমৈত্রী কলেজ থেকে একজন করে।পাসের হারের হিসাবে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সর্বোচ্চ স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১০৫ জনের মধ্যে ৯১ জন পাস করেছেন। পাসের হার ৮৬ দশমিক ৬৭। মানিকছড়ি গিরিমৈত্রী কলেজের ৮৮ জনের মধ্যে পাস করেছেন ৭৬ জন। পাসের হার ৮৬ দশমিক ৩৬। মহালছড়ি কলেজের ১০৯ জনের মধ্যে পাস করেছেন ৯২ জন। পাসের হার ৮৪ দশমিক ৪। খাগড়াছড়ি সরকারি কলেজে ৫৪৫ জনের মধ্যে পাস করেছেন ৩৩১ জন। পাসের হার ৬০ দশমিক ৪৩। দুর্গম লক্ষ্মীছড়ি কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী ছিলেন। পাস করেছেন একজন।বিজ্ঞান বিভাগে পাসের হার ৬০ দশমিক ৭৫, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৬ দশমিক ৯৬ এবং মানবিক বিভাগে পাসের হার ৪৯ দশমিক ৭২।দাখিল পরীক্ষায় একমাত্র প্রতিষ্ঠান খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা থেকে ৫০ জন পরীক্ষা দিয়েছেন। পাস করেছেন ৪০ জন। পাসের হার ৮০ শতাংশ। তবে কেউই জিপিএ-৫ পাননি।খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নুল আবেদীন বলেন, ‘কলেজের নানা সীমাবদ্ধতা, সমস্যা থাকা সত্ত্বেও এ ফলাফল হতাশাজনক নয়। কলেজের কিছু গুরুতর সমস্যার সমাধান হলে আরও ভালো ফল অবশ্যই আসবে।’ তিনি কলেজের সমস্যা প্রসঙ্গে বলেন, ‘কলেজে ৪৬ জন শিক্ষক পদের বিপরীতে বর্তমানে আছেন মাত্র ১৮ জন। বাংলা, ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একজন করে শিক্ষক আছেন। বিগত সময়ে দীর্ঘদিন সমাজবিজ্ঞান বিষয়ে কোনো শিক্ষকই ছিলেন না। এ ছাড়া রয়েছে শ্রেণীকক্ষের সংকট। শিক্ষার্থীরা দাঁড়িয়ে ক্লাস করেন। মোট কথা কলেজের নানা সমস্যা-সংকটের কারণে শিক্ষার মানোন্নয়নে বাধা সৃষ্টি করছে।’