চারদিকে পানিতে থইথই। ঘরের ভেতরে-উঠোনে সবখানে পানি। রান্নার চুলা বসানো হয়েছে খাটের ওপর। যাতায়াত করতে হচ্ছে নৌকায়। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ১৪টি গ্রামে এখন জোয়ার-ভাটা চলছে। জলমগ্ন অবস্থায় কাটছে ৬০ হাজার মানুষের জীবন। তাঁদের মধ্যে ছিল না এবারের ঈদের আনন্দ।
কক্সবাজার আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, সাগরে এখন সংকেত চলছে। তার ওপর ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তাই জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেড়েছে। এতে করে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় লোকজন জানান, ২০১২ সালে ২৩ জুলাই ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগর-সংলগ্ন বেড়িবাঁধের পশ্চিমপাড়া অংশে প্রায় ৩০০ মিটার ভেঙে যায়। এরপর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আর মেরামত করা হয়নি। ফলে পূর্ণিমা ও অমাবস্যার সময় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ওই এলাকার লোকজনের এখন চলাচলে একমাত্র বাহন নৌকা। ক্যাম্পপাড়া, জালিয়াপাড়া, মাঝরডেইল, মগপাড়া, উত্তরপাড়া, ডাঙ্গরপাড়া, পশ্চিমপাড়া, মাঝরপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, মিস্ত্রিপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া ও লাফারঘোনা গ্রামের রাস্তাঘাট, ফসলিজমি, সুপারি বাগান ও বীজতলা কোমরসমান পানিতে ডুবে আছে। ঘরেও হাঁটুপানি রয়েছে।
এ সময় কথা হয় মাঝরডেইল গ্রামের দিনমজুর নূর আহমদের (৫২) সঙ্গে। তিনি বলেন, রমজান মাস থেকেই ঘরের ভেতর হাঁটুসমান পানি। তাই স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ঘরের ভেতর মাচা বেঁধে বসবাস করছি।
পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হামিদ হোসেন (৬০) বলেন, ‘আমার এ বয়সে এমন ঈদ আর দেখিনি। ঈদের নামাজ আদায় করতে যেতে হয়েছে পানি ভেঙে চার কিলোমিটার দূরে। ছেলেমেয়েদের এবার নতুন জামাকাপড় কিনে দিতে পারিনি।’ একই গ্রামের চাষি আবদুর রহমান (৪৫) বলেন, গ্রামের ফসলি জমিতে বুকসমান পানি জমে রয়েছে। কী করব বুঝতে পারছি না। উত্তরপাড়া গ্রামের নজির আহমদ (৪৫) বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা আমাদের দুর্ভোগ দেখে গেছেন অনেকবার। জোয়ারের পানি আসা বন্ধ হবে এমন আশ্বাসও দিয়েছেন বহুবার। কিন্তু দুই বছর ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না। এখন আর ত্রাণের ১০ কেজি চাল চাই না, টেকসই বেড়িবাঁধ চাই।’
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ‘জোয়ারের পানি ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে প্রায় ৬০ হাজার মানুষের। বাঁধের পার্শ্ববর্তী স্থানের লোকজন ঘরবাড়ি ফেলে জোয়ারের সময় উঁচু এলাকায় আশ্রয় নিচ্ছেন। এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে ওই এলাকার ৪০০ পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত জেলা মাসিক উন্নয়ন কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে হয়। এরপর পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক বলেন, ‘সম্প্রতি সরেজমিনে এই এলাকা পরিদর্শন করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।’