খাটো প্যান্টেই স্মার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো শ্রাবণের ধারা, তার ওপর আবার আছে গুমোট গরম। এ সময়ে ঘরে বা এদিক-ওদিক বেরোতে আপনার সঙ্গী হতে পারে খাটো প্যান্ট। লম্বায় হাঁটু পর্যন্ত বা তার চেয়ে একটু বেশি, থ্রি-কোয়ার্টার প্যান্ট নামেই যা জনপ্রিয়। এর চেয়ে একটু খাটো হলে সেটি শর্টস। ‘তরুণ থেকে মধ্যবয়সী, যে কেউ এখন থ্রি-কোয়ার্টার প্যান্ট বা শর্টসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। অনেকে আবার আশপাশে ঘুরতে বেরোতেও এই প্যান্টকে মনে করছেন বেশি আরামের এবং ফ্যাশনের।’ বলছিলেন প্লাস পয়েন্টের ডিজাইনার সাইফুল ইসলাম। বিগ বসে থ্রি-কোয়ার্টার ও শর্টস কিনতে আসা মাসুদ কিবরিয়া বলেন, ‘সারা দিন অফিস করে বাসায় আরামে থাকতে বেছে নিই থ্রি-কোয়ার্টার বা শর্টস। লুঙ্গির চেয়ে এটি বেশি আরামদায়ক বলে মনে হয়।’থ্রি-কোয়ার্টার এখন আর বাসায় শুধু নয়, গরমে আরামের পোশাক হিসেবে এটি বাইরেও বেশ জনপ্রিয়। তবে ঘরের বাইরে এটি জনপ্রিয় তরুণদের হাত ধরে। এ প্যান্টের বৈচিত্র্যও চোখে পড়ার মতো।অ্যালফসির ডিজাইনার আফতাব আহমেদ বলেন, ‘জনপ্রিয় হয়ে ওঠা থ্রি-কোয়ার্টারে এখন অনেক রঙ এবং ডিজাইনের ছড়াছড়ি। তবে চেক থ্রি-কোয়ার্টার বেশি পছন্দ তরুণদের কাছে। তা ছাড়া নরম কাপড়ের থ্রি-কোয়ার্টার যেহেতু আরামদায়ক, তাই অনেকেই শুধু কাপড়ের দিক লক্ষ করেই কিনছেন।’ অনেক ধরনের হাফপ্যান্ট, শর্টস, থ্রি-কোয়ার্টার এখন বাজারে প্রচলিত। আছে পকেট ছাড়া, কোনোটির এক পকেট, কোনোটির দুই বা তারও বেশি পকেটওয়ালা থ্রি-কোয়ার্টার। তবে যাঁরা শুধু শর্টস পরেন, তাঁরা এক পকেট বেশি প্রাধান্য দেন বলে জানান বিক্রেতারা। থ্রি-কোয়ার্টার সুতি কাপড়ের ছাড়াও বেশ কয়েক রকমের আছে। বিগ বসের বিক্রেতা জহির বলেন, ‘একরঙা থ্রি-কোয়ার্টার প্যান্টের মধ্যে কালো, লাল, কমলা, খাকি ও নীল রঙের চাহিদা বেশি। শর্টসের মধ্যে চেক ও একরঙা দুটিরই সমান চাহিদা।’ পানি-কাদা বা গরম—দুই ঝামেলাতেই থ্রি-কোয়ার্টার প্যান্ট দেয় আরাম। জার্সি বা গেঞ্জি কাপড়ের তৈরি হাফপ্যান্টও পরছেন অনেকে। সহজে বাতাস চলাচলের জন্য কোনো কোনো প্যান্টে ওপরের দিক নেট কাপড়ের ব্যবহারও চোখে পড়ে। এ ধরনের প্যান্ট খুব একটা ঢোলাও না, আবার বেশি চাপাও না। তবে সব মিলিয়ে হাঁটু পর্যন্ত ট্রেন্ডি বলে মনে করেন অ্যালফসির ডিজাইনার আফতাব আহমেদ। বিভিন্ন ধরনের থ্রি-কোয়ার্টারের মধ্যে কোনোটিতে স্ট্রেট পকেট, কোনোটিতে ক্রস পকেট আবার আছে বক্স পকেটেরও। অনেক প্যান্ট আবার পকেট ছাড়াই ট্রেন্ডি। আছে জিন্স, গেঞ্জি, টেট্রন, সুতি ও জার্সি কাপড়ের থ্রি-কোয়ার্টার এবং হাফপ্যান্ট। যাঁরা লম্বা প্যান্টের নিচে শর্টস পরেন, তাঁরা সাধারণত নরম কাপড় বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তরুণেরা জিন্সের সঙ্গে শর্টস পরতে এর কোমরের অংশে হালকা লেখা বা একাধিক মোটা রং বেছে নেন। থ্রি-কোয়ার্টার প্যান্টের রয়েছে নানা ধরনের নকশা। কোনো প্যান্টে বড় বড় লেখা, কোনোটি শুধু চেকের, কোনোটির কোমরের নিচে বিভিন্ন রঙের কাপড়ের স্ট্রাইপ। এই প্যান্টের সঙ্গে ফ্যাশনকে সম্পূর্ণ করতে সুতার বেল্ট পরতে পারেন। যেখানে পাবেনঢাকা নিউমার্কেটের ভেতরে ও বাইরে দুই জায়গায়ই পাবেন। শর্টস ও থ্রি-কোয়ার্টার বেইলি রোডের অ্যালফসি, ধানমন্ডির বিগবস, ইয়েলো, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, বসুন্ধরা সিটি, প্লাস পয়েন্ট, পল্টন, গুলিস্তান, মিরপুর, গুলশান, বনানীসহ সব এলাকায় পাবেন।