খাতুনগঞ্জে অবিশ্বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাতুনগঞ্জের ব্যবসায়ী মীর মোহাম্মদ হাসান ব্যবসাজীবনে প্রথমবার প্রতারণার শিকার হয়েছিলেন গত মার্চে। তাঁর প্রতিষ্ঠান থেকে মোট ছয় কোটি ৮৭ লাখ টাকার গম বাকিতে কিনে পাওনা পরিশোধ না করে পালিয়ে গেছেন ব্যবসায়ী দুই ভাই। হাসানের মতো আরও ৩৮ জন ব্যবসায়ী এই প্রতারণার শিকার হয়েছেন। এসব ব্যবসায়ীর ১৪৮ কোটি টাকা উদ্ধার হয়নি গত নয় মাসেও।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে বেশির ভাগ প্রতারণার ঘটনায় সমঝোতার মাধ্যমে পাওনা টাকার কিছু অংশ উদ্ধার হয়েছে। কিন্তু এত বড় প্রতারণার ঘটনায় একটি টাকাও উদ্ধার না হওয়ায় খাতুনগঞ্জে এখন পণ্য বেচাকেনায় বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। ফলে এখন নগদ লেনদেন বেশি হচ্ছে। বাকিতে পণ্য কিনতে না পেরে অনেক ব্যবসায়ী খাতুনগঞ্জ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।প্রতারণার শিকার হওয়া ব্যবসায়ী মীর মোহাম্মদ হাসান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এত বড় ঘটনার সুরাহা না হওয়ায় এখন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ঘটনার পর থেকে বাকিতে অর্থাৎ এক মাস পর চেক নগদায়নের শর্তে লেনদেন করছি না। নগদ লেনদেন করার কারণে ব্যবসা স্থবির হয়ে গেছে।’ প্রচলিত প্রথা অনুযায়ী, ১৫ দিন থেকে শুরু করে এক-দুই মাস পর ব্যাংকে চেক জমা দিয়ে পণ্য বেচাকেনা করতেন ব্যবসায়ীরা। বেশি বিশ্বস্ত হলে মুখের কথায়ও লেনদেন হয় এই পাইকারি বাজারে।ব্যবসায়ীরা জানান, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে চাল, ডাল, গম, ভোজ্যতেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অব্যাহতভাবে কমে যাওয়ায় আমদানি করা পণ্যের দাম দেশের বাজারে কমে গেছে। এ কারণে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে কেনা পণ্য লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। কারণ, ব্যাংকঋণ শোধ করতে লোকসানেও পণ্য বিক্রি করতে হয়। ব্যবসার এ রকম মন্দা-পরিস্থিতিতে অনেকে আগ্রাসীভাবে বেচাকেনা করে বেশি লোকসান সামাল দিতে না পেরে আত্মগোপন করেছেন। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে, এ বছর ছোট-বড় নয়টি ঘটনায় শতাধিক ব্যবসায়ী প্রায় ১৭৫ কোটি টাকা হারিয়েছেন। এর মধ্যে চৌধুরী ব্রাদার্স ও চৌধুরী এন্টারপ্রাইজের মালিক দুই ব্যবসায়ী ভাইয়ের প্রতারণার ঘটনা বেশি বেকায়দায় ফেলেছে ব্যবসায়ীদের। এ বিষয়ে জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রত্যক্ষভাবে কিছুসংখ্যক ব্যবসায়ী ভুক্তভোগী মনে হলেও পরোক্ষভাবে খাতুনগঞ্জের তিন হাজার ব্যবসায়ী এখন ভুক্তভোগী। আইনের দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এ কারণে চেক প্রতারণার মামলায় কঠোর শাস্তির বিধান রেখে আইন সংস্কারের প্রস্তাব দিয়েছি সরকারের কাছে।’ জানা গেছে, আগে দেশের ভোগ্যপণ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ হতো চাক্তাই-খাতুনগঞ্জ থেকে। গম, ছোলা, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক ও বড় পাইকারি ব্যবসায়ী এ বাজারে বসে লেনদেন করেন। তবে এখন ব্যবসার আকার কমে গেছে। অবশ্য খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে, সারা দেশের ভোগ্যপণ্যের মোট চাহিদার এখনো অন্তত ৪০ শতাংশ নিয়ন্ত্রণ হয় এ বাজার থেকে।