
পণ্যবাহী ট্রাকের ভিড় নেই। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন। পণ্য কেনার জন্য বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোতেও পাইকারি ব্যবসায়ীদের আনাগোনা কম। কর্মব্যস্ত খাতুনগঞ্জের ব্যস্ততা বলতে শুধু কয়েকটি ভ্যানে বোঝাই করা হচ্ছে পেঁয়াজের বস্তা।
গত মঙ্গলবার খাতুনগঞ্জের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। হরতাল-অবরোধে কার্যত স্থবির খাতুনগঞ্জ। অথচ অন্য সময় ট্রাকসহ বিভিন্ন গাড়ির ভিড়ে চলাই দায় হয়ে পড়ে এখানে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ভোগ্যপণ্য বেচাকেনার বড় বাজার এটি। এই বাজারই এখন ক্রেতাশূন্য, খাঁ খাঁ করছে চারপাশ।
খাতুনগঞ্জ থেকে সারা দেশে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। এখন পণ্য যাচ্ছে শহরের দোকানগুলোতে। নৌপথে কিছু পণ্য যাচ্ছে বাঁশখালী, আনোয়ারা, কুতুবদিয়া, মহেশখালী ও সন্দ্বীপসহ কয়েকটি উপজেলায়। পণ্যবাহী গাড়ি চলাচল করতে না পারায় আশপাশের এলাকা ও দূর-দূরান্তের ব্যবসায়ীরা পণ্য কেনার জন্য আসছেন না খাতুনগঞ্জে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমেদ বলেন, চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানীগঞ্জে অন্তত পাঁচ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানের সিংহভাগই ভোগ্যপণ্যের ব্যবসায় নিয়োজিত। হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে এসব প্রতিষ্ঠানে কার্যত বেচাকেনা হচ্ছে না।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক প্রতারণার ফাঁদে পড়ে অনেকে পুঁজি খুইয়েছেন। ইয়াছির গ্রুপের কর্ণধার বিদেশে পালিয়ে যাওয়ার পর পাওনা টাকা আদায়ে সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা। হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি এসব ব্যবসায়ীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ নষ্ট করে দিচ্ছে। একজনের সঙ্গে একাধিক ব্যবসায়ীর লেনদেন থাকায় প্রভাব পড়ছে বেশি। হরতাল-অবরোধ আরও দীর্ঘায়িত হলে অনেক ব্যবসায়ীর টিকে থাকার সম্ভাবনা থাকবে না বলে জানান তাঁরা।
খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী জানান, পণ্য বেচাকেনা কমে যাওয়ায় অনেকে ব্যাংকের ঋণের কিস্তি শোধ করতে পারছেন না। আবার ব্যাংকের কিস্তি শোধ করতে অনেকে চড়া সুদে টাকা ধার নিচ্ছেন। এভাবে পণ্য বেচাকেনা কমার সঙ্গে ঋণের জালেও আটকা পড়ছেন অনেকে। তবে নতুন করে ঋণ না পাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা এসব তথ্য জানাতে নারাজ।
জানা যায়, খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ আসে শুধু স্থলবন্দর দিয়ে। উত্তরাঞ্চল থেকে চাক্তাই এলাকায় আসে চাল। এ দুটি পণ্য ছাড়া সিংহভাগ ভোগ্যপণ্য খাতুনগঞ্জ ও চট্টগ্রামের গুদামগুলো থেকে সরবরাহ হয় সারা দেশে।
অবরোধের কারণে পেঁয়াজ ও চালবাহী গাড়ি আসছে খুবই কম। চট্টগ্রাম বন্দর দিয়ে শুধু চীন ও পাকিস্তান থেকে আসছে পেঁয়াজ। অবরোধের সময় পণ্য পরিবহনে স্থবিরতা থাকায় পেঁয়াজের সরবরাহ কম। এ কারণে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আবার অন্যসব পণ্য চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য স্থানে সরবরাহ কমে গেছে। ফলে এসব পণ্যেও মজুদ বাড়ায় দাম পড়ছে।
পণ্য পরিবহনের এমন অচলাবস্থার কারণে কার্যত খাঁ খাঁ করছে খাতুনগঞ্জে। কারণ, পণ্য আনা-নেওয়া করতে না পারায় ব্যবসায়ীরাও চাহিদানুযায়ী পণ্য বিক্রি করতে পারছেন না। ফলে কোথাও বাড়ছে, কোথাও কমছে ভোগ্যপণ্যের দাম।
খাতুনগঞ্জের বড় আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে জানান, গুদাম থেকে পণ্য সরবরাহ করতে না পারায় লেনদেন অস্বাভাবিক কম। সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধে এই স্থবিরতা প্রকট হয়ে উঠছে।
গত অর্থবছরের হিসাবে, চট্টগ্রামে ৪৭৮টি প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি করেছে। সংখ্যার বিচারে চট্টগ্রামের পরেই অবস্থান ঢাকা অঞ্চলের। আমদানিকারকের সংখ্যার মতো এখানে ছোট ও বড় পাইকারি ব্যবসায়ীদের সংখ্যাও বেশি। এসব প্রতিষ্ঠানে এখন চলছে হাহাকার।