দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যে আবার সন্দেহ ও অবিশ্বাস দানা বাঁধছে। এ কারণে স্বাভাবিক সময়ের চেয়ে এখন লেনদেন অনেক কমে গেছে। বাকিতে পণ্য কিনে প্রায় ১৪৮ কোটি টাকা দেনা রেখে গত ২২ মার্চ পাঁচ ব্যবসায়ীর আত্মগোপনে চলে যাওয়ার পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় ব্যবসায়ীরা ফিরে এসেছেন কিন্তু টাকা ফেরত না পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসেনি বলে জানা গেছে।জানা গেছে, সরকার প্রাথমিকভাবে ভোজ্যতেল ও চিনি বেচাকেনায় প্রচলিত সরবরাহ আদেশ (ডিও) প্রথার পরিবর্তে নতুন প্রথা চালু করার বিষয়ে গেজেট প্রকাশ করেছে। গেজেট অনুযায়ী তিন মাসের মধ্যে নতুন প্রথা চালু হলে কোম্পানিগুলোকে প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রি করতে হবে। নতুন প্রথা চালু হলে প্রচলিত প্রথার মতো ডিও অসংখ্যবার হাতবদল বা বেচাকেনা হবে না। ফলে নতুন প্রথায় যাওয়ার আগে এ ধরনের ঘটনায় বাকিতে লেনদেনে আস্থা হারিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। ফলে দেশের বাজারেও আমদানি করা পণ্যের দাম কমে গেছে। কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে কেনা পণ্য লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। ফলে তাঁরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না। নতুন করে পণ্যসামগ্রীর ঋণপত্র খোলার হারও কমে গেছে। যাঁরা লোকসান সামাল দিতে পারছেন না তাঁরা আত্মগোপনে চলে যাচ্ছেন।জানা গেছে, গত ২২ মার্চ প্রায় ১৪৮ কোটি টাকা দেনা রেখে আত্মগোপনে চলে যান খাতুনগঞ্জের দুটি প্রতিষ্ঠানের পাঁচ ব্যবসায়ী ভাই। তাঁরা খাতুনগঞ্জের নুরুল আবছার চৌধুরী মার্কেটের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ও মেসার্স চৌধুরী অ্যান্ড ব্রাদার্সে বসে লেনদেন করতেন। এক মাসের বাকিতে বিপুল পরিমাণ গমের ডিও কেনেন তাঁরা। কিন্তু নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হয়ে আত্মগোপনে চলে যান ব্যবসায়ীরা। পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় তাঁরা ফিরে আসেন। এ ঘটনায় ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এখন দেনা-পাওনার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কাজ করছে।এ ঘটনার পর খাতুনগঞ্জে ১৫ দিন থেকে এক মাসের বাকিতে পণ্য বেচাকেনা বন্ধ হয়ে গেছে। এক থেকে তিন দিন বাকিতে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে পরিমাণে তা কম। স্বাভাবিক লেনদেনও কমে গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বৈঠক করে বাকির পরিবর্তে নগদে লেনদেন করার পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের।এ প্রসঙ্গে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মূলত বেশির ভাগ পণ্যের দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। এ কারণে অনেকে মূলধন হারিয়েছেন। আশা করছি, খুব শিগগিরই খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’ ব্যবসায়ীরা জানান, চাক্তাই-খাতুনগঞ্জে ব্যবসায়িক লেনদেনের পুরোটাই চলে মৌখিক বিশ্বাস ও আস্থার ওপর। স্বাভাবিক পরিস্থিতিতে বাজারে যে পরিমাণ লেনদেন হয় তার ৯০ শতাংশই চলে বাকিতে। অর্থাৎ মাস কিংবা সপ্তাহ শেষে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, ১৯৯৪ সালের দিকে কোরবানিগঞ্জের ব্যবসায়ী সুশীল রাজগরিয়া বিপুল পরিমাণ দেনা রেখে সপরিবারে ভারতে পালিয়ে যান, এ ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। এ ছাড়া ১৯৮৭ সালে সাত কোটি টাকা দেনা রেখে ব্যবসায়ী বিভূতিভূষণের আত্মগোপন এবং ২০০০ সালে মিলন চৌধুরীর সাড়ে চার কোটি টাকা প্রতারণার ঘটনায় ব্যবসা-বাণিজ্যে সাময়িক ধস নামে। এভাবে প্রতিবছর প্রতারণা বা আত্মগোপনে চলে যাওয়ার ঘটনা ঘটছে, আর তাতে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা সৃষ্টি হচ্ছে।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মাত্র একটি ঘটনার পর খাতুনগঞ্জে লেনদেন অন্তত ৮০ শতাংশ কমেছে।