খাদি ওড়নার বাহার
সালোয়ার-কামিজ, ফতুয়া কিংবা কুর্তার সাথে একটা ওড়না থাকবে না তা তো হয় না। আজকাল নানা রঙ আর ডিজাইনের ওড়না পাওয়া যাচ্ছে। পোশাকের কাপড়ের সাথে মিল রেখে সুতি, সিল্ক, শিফন, মসলিন, কিংবা খাদি ওড়নাও কিনছেন অনেকে। আবার ওড়নাটা কোথায় পরবেন কিংবা ঋতু প্রকৃতিকে মাথায় রেখে ওড়না নির্বাচন করে থাকেন। তবে এই ঠান্ডার সময়ে খাদি ওড়নার জনপ্রিয়তা যেন একটু বেশি।সকালে ঘর থেকে বেরিয়ে কিছুটা শীত অনুভূত হচ্ছে, অনায়াসেই পেঁচিয়ে পরা যাচ্ছে খাদি ওড়না। দুপুরের গরমে ওড়নাটা কাঁধের দুই পাশে ঝুলিয়ে পরা যায় আবার সন্ধ্যাবেলাতে ঘরে ফেরার সময় হালকা শীতে এই ফ্যাশনেবল ওড়নাটা চাদরের রূপ পাচ্ছে। এমনটাই জানালেন ঢাকার প্রবর্তনাতে খাদি ওড়না কিনতে আসা রেহুনা তাবাসুম।প্রবর্তনার পরিচালক শাহিদ হোসেন শামিম বলেন, আমাদের দেশে যেহেতু তীব্র শীত পড়ে না, তাই শীতের শুরুতে একটু মোটা খাদি ওড়না দিয়ে অনায়াসে চালানো যায় চাদরের কাজ। এতে চাদর বহন করার ঝমেলা থেকে মুক্তি পাওয়া যায়। কেবল শীতেই নয়, খাদি যেহেতু সুতি সুতা দিয়ে তৈরি তাই পাতলা খাদির ওড়না গরম কালেও পরা যায়। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা সিনথেটিকের পরিবর্তে পছন্দ করেন খাদির ওড়না। খাদি ওড়নার মাঝে আছে ভিন্নতা। কোনোটা এক রঙা, কোনোটা টাইডাই, কোনোটা ব্লক করা। রঙের মধ্যেও কিছুটা পার্থক্য আছে বলে জানালেন শাহিদ হোসেন শামিম। তিনি বলেন, প্রাকৃতিক এবং রাসায়নিক উভয় ধরনের রং এর খাদি ওড়নাই চলছে। প্রাকৃতিক রঙের খাদি ওড়না কেনা যাবে ৪২০-৪৫০ টাকার মধ্যে। আর রাসায়নিক রঙের খাদি ওড়নাগুলো পাবেন ২২০-৩০০ টাকাতে। ঢাকার দেশী দশ, আজিজ সুপার মার্কেটের দোকানগুলো সহ নানা ফ্যাশন হাউসে ১৮০-২৫০ টাকাতে কিনতে পাবেন মোটা বা একটু ভারি খাদি ওড়না।