খাদিজাতুল কুবরা নতুন দিনের দিশারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদিজাতুল কুবরা—নামটা একটু অন্য রকম! তাই প্রথম দেখায় জিজ্ঞেস করেছিলাম, কুবরা কেন? কোবরার মতো ভয়ংকর? ১৫-১৬ বছর বয়সী মেয়েটা একদম ঠান্ডা প্রকৃতির। প্রশ্ন শুনে হেসেছিল কেবল। তবে মাঠের কুবরার ভাষা একেবারে উল্টো। কোবরার মতোই ভয়ংকর! বগুড়ার মেয়ে কুবরার ক্রিকেটজীবন শুরু ২০০৮ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখল মহিলা বিশ্বকাপ বাছাইয়ে। প্রথম ম্যাচেই বাজিমাত; পাকিস্তানের বিপক্ষে তুলে নিল চার উইকেট! আয়ারল্যান্ডকে তো একাই ধসিয়ে দিল ছয় উইকেট নিয়ে। ফ্লাইটেড ডেলিভারি দিতেই স্বাচ্ছন্দ্য ও। ফ্লাইট থেকে একটু বাঁক নেয় বল, তাতেই ভিরমি খায় ব্যাটসম্যানরা—এখানেই কুবরা ভয়ংকর। কলেজপড়ুয়া এই ক্রিকেটারের আত্মবিশ্বাসটাও চমক জাগানিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর ও বলেছিল, ‘আমি ভাবছিলাম, ওরা যতই ভালো ব্যাট করুক, আমরাও ভালো বোলার। আমাদের টিমটাও খারাপ না। একটা আত্মবিশ্বাস ছিলই।’ বড় লক্ষণীয় বিষয় হলো, মাঠে ওর কোনো জড়তা নেই। প্রথম ম্যাচ থেকেই ও সাবলীল। ভালো ক্রিকেটার হওয়ার জন্য এই গুণটা খুব জরুরি। আমি তো কেবল দর্শকের চোখেই কুবরার খেলা দেখিনি, নির্বাচক হিসেবেও ওর পারফরম্যান্স দেখতে হয়েছে। তো এ ক্ষেত্রে আমি সন্তুষ্ট ওর ওপর। কারণ, দল নির্বাচনের সময় ওকে ১১ জনের মধ্যে রাখতে বেশি ভাবতে হয়নি। ওর পারফরম্যান্স সব সময় চোখে পড়ার মতোই ছিল। বিশেষ করে জাতীয় লিগগুলোর কথা যদি ধরেন, ও বরাবরই ভালো পারফরম্যান্স করে এসেছে নিয়মিতভাবে। তাই ওকে ‘অটোমেটিক চয়েস’ হিসেবে ধরে নেওয়া গেছে। দল বাছাইয়ের সময় বিশেষ কিছু শর্ত থাকে। কুবরা সব শর্ততেই উতড়ে গেছে সফলভাবে। মহিলা ক্রিকেট তো কেবল শুরু হলো আমাদের দেশে। তাই মেয়ে ক্রিকেটার আমাদের হাতে গোনা। তার মধ্যেও কুবরা এবং অন্যরা খুব ভালো মানের ক্রিকেট খেলছে। উল্লেখযোগ্য দিক হলো, কুবরার মতো মেয়ে ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণেই আজ অনেক মেয়ে ক্রিকেটে উৎসাহী হচ্ছে। এটা আমাদের আশাবাদী করছে। মহিলা বিশ্বকাপ বাছাইয়ে কুবরা সাত ম্যাচে নিয়েছিল মোট ১৮টি উইকেট। নিঃসন্দেহে মহিলা ক্রিকেটের বড় সম্পদ ও। কুবরাকে আমি প্রশ্ন করেছিলাম, এত খেলা থাকতে ক্রিকেট বেছে নিলে কেন? ওর অকপট উত্তর ছিল, ‘ক্রিকেট খেলতে ভালোবাসি, তাই ক্রিকেটই বেছে নিয়েছি।’ ভালো খেলোয়াড় হয়ে ওঠার পেছনে এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলা যা-ই হোক, ভালোবাসা না থাকলে ভালো কিছু করা অসম্ভব। অর্জনের জন্য খেলতে এলে, ভালো খেলা অসম্ভব। কুবরা কোনো অর্জনের জন্য ক্রিকেটের মাঠে নামেনি—এটা জেনে আমার দারুণ ভালো লেগেছে। ও ক্রিকেট ভালোবাসে, তাই বলতে পারি ও ভালো করবেই। বাড়ির পাশের মাঠে মেয়েরা ক্রিকেট খেলত। কুবরার বয়স তখন ১৩ বছর। তখন থেকেই ক্রিকেট ওর ধ্যান-জ্ঞান। বাবা-চাচারাই ছিল ওর ক্রিকেট সতীর্থ। ওর ভাষায় তখন ‘ফান ক্রিকেট’ খেলত ও। আস্তে ধীরে স্টেডিয়ামের বড় চত্বরে পদার্পণ। একসময় ও দেখা পায় বগুড়ার মুসলিম স্যারের (কোচ)। তিনিই মূলত স্পিন বোলিং শেখান কুবরাকে। মুসলিম স্যার নিশ্চয়ই এখন অনেক তৃপ্ত শিষ্যের পারফরম্যান্সে। কুবরা এক সাক্ষাৎকারে বলেছিল, এখনো ও আগের মতোই ক্রিকেট উপভোগ করে। নিজের কাজটা উপভোগ করতে পারলে আর কী চাই!সাকিব আল হাসানকেই আদর্শ মানে কুবরা। শচীন টেন্ডুলকারের বড় ভক্ত। টিভিতে ক্রিকেট খেলা চলতে থাকলে আর কিছু চাই না তার। এসব বিষয়ই বলে দেয়, বাংলাদেশের মহিলা ক্রিকেট অনেক দূর যাবে এই কুবরার হাত ধরে। ওর বয়স এখন সতেরোর কিছুটা বেশি। ভালো খেলে নিশ্চয়ই ক্যারিয়ারটা আরও অনেক লম্বা করতে পারবে ও। ওর ভেতরে এই আত্মবিশ্বাসটাও আছে। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চায় এই ক্রিকেটার। কুবরা এখন পড়ছে বগুড়া মহিলা কলেজে, উচ্চমাধ্যমিক পর্যায়ে। ও বলছিল, ‘শুরুটা যখন ভালো হয়েছে, ভবিষ্যতে আরও ভালো ক্রিকেট খেলতে চাই।’কুবরা বলছিল, ‘আমার নাম শুনলে অনেকে ভাবে সাপটাপের ব্যাপার আছে। আমি ফণা তুলি নাকি? উইকেট পেলে সতীর্থরা মজা করে বলে, “কুবরা তুই কোপ দিলি?” আমি বলি, কোপ আরও দেব (হা হা হা)।’ আমরাও সেই অপেক্ষায় আছি।