খাদিজার মামলা আজ আদালতে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজার হামলাকারী বদরুল আলম l ছবি: প্রথম আলো
খাদিজার হামলাকারী বদরুল আলম l ছবি: প্রথম আলো

কলেজছাত্রী খাদিজা বেগমকে হত্যাচেষ্টার মামলার বিচার শিশু রাজন হত্যা মামলার মতো দ্রুত হবে বলে জানিয়েছেন সিলেটের সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) মিসবাহউদ্দিন সিরাজ। সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার বিচার-প্রক্রিয়া শুরুর আগে প্রথম আলোকে তিনি এ কথা জানান।
সরকারি কৌঁসুলির দপ্তর সূত্র জানায়, ৩ অক্টোবর খাদিজার ওপর হামলা হয়েছিল। মামলা হয় পরদিন। ঘটনার দিনই হামলাকারী বদরুল আলমকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় পুলিশ গত ৮ নভেম্বর অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করে। ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্রের শুনানি শেষে তা গ্রহণ করা হয়। একই দিনে সিলেট মহানগরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরা মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে প্রেরণ করে ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।
আজ মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রের ওপর শুনানি হওয়ার পর আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হবে বলে সরকারি কৌঁসুলি জানান। আজই সাক্ষ্য গ্রহণের দিনক্ষণ নির্ধারণ করে বিচার-প্রক্রিয়া শুরু হবে। রাজন হত্যা মামলার মতো সপ্তাহের টানা কার্যদিবসে বিচার-প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে।
এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হবে—এমন দাবি প্রসঙ্গে মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে হত্যার বর্বর ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি উঠেছিল। ঘটনার চার মাসের মাথায় ১৭ কার্যদিবসে রাজন হত্যার বিচারকার্য মহানগর দায়রা জজ আদালতেই সম্পন্ন হয়েছে। রাজন হত্যার মতোই আলোচিত হয় খাদিজার ওপর হামলার ঘটনা। মানুষের মধ্যে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় দ্রুত বিচার করে অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে চেষ্টা থাকবে।
মহানগর হাকিম আদালত সূত্র জানায়, খাদিজাকে কোপানোর পরদিনই মহানগর পুলিশের শাহপরান থানায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেন। খাদিজাকে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলায় বদরুলকেই একমাত্র আসামি করা হয়। ঘটনার দিন আটক বদরুলকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে বদরুল দাবি করেন, খাদিজার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনে তিনি ক্ষিপ্ত হয়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়েছেন। ঘটনাটি তিনি ‘রাগের মাথায়’ করে অনুশোচনায় ভুগছেন বলে জানান।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, পুলিশ তদন্ত করে খাদিজার সঙ্গে বদরুলের প্রেমের কোনো সম্পর্কের প্রমাণ পায়নি। খাদিজাকে বরং বিভিন্ন সময় বদরুল উত্ত্যক্ত করেছে—এমন কিছু ঘটনা সম্পর্কে অবহিত হওয়া গেছে। ধারাবাহিক উত্ত্যক্ত করা থেকে ঘটনাটি ঘটেছে।
অভিযোগপত্রে ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে। আলামত হিসেবে খাদিজাকে কোপানোর চাপাতি, খাদিজার রক্তমাখা
জামা, মুঠোফোনে ধারণ করা খাদিজাকে কোপানোর একটি ভিডিও ফুটেজ, বদরুলকে ধরা ও গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দের আরও দুটো ভিডিও ফুটেজ ডিভিডি করে অভিযোগপত্রের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়েছে।
৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন।