খাদিতে বর্ণচ্ছটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের কুয়াশামাখা হিমহিম ভোর। পথঘাট ভিজে আছে রাতের শিশিরে। পাতাগুলো থেকে থেকে দুলে উঠছে হিমেল বাতাসে। কার্নিশের চড়ুইগুলো উষ্ণ হওয়ার আশায় ফুলে উঠেছে তুলার বলের মতো। এমন শীতের সকালে গায়ে টেনে নিলেন খাদির চাদরটা কিংবা পরে নিলেন খাদির একটা কামিজ। উষ্ণতা তো পাবেনই, শীতের ফ্যাশনেও দারুণ মানাবে। একসময় শালই বেশি তৈরি হতো খাদি কাপড় দিয়ে। ইদানীং শালের পাশাপাশি পাঞ্জাবি, কামিজ, পনচো—এসবও তৈরি হচ্ছে। তাতে আবার যোগ হচ্ছে নানা নকশা। খাদির ঘিয়ে রঙে মিশছে উজ্জ্বল রং। কখনো তাতে যোগ হচ্ছে ব্লক-বাটিকের ছোপ।স্টুডিও এমদাদের ফ্যাশন ডিজাইনার এমদাদ হক জানালেন, আমাদের দেশে খাদির উৎপাদন মূলত নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা আর নরসিংদীকেন্দ্রিক। আর খাদি পাওয়া যায় দুই রকমে। সুতার খাদি এবং সিল্কের খাদি। যে উপাদানেই তৈরি হোক, বাংলাদেশি খাদির বয়নের শর্ত একটাই। খাদির সুতা কাটতে হবে হাতে, বুননও হবে সম্পূর্ণ হাতে তৈরি। এ কারণেই দেশি খাদি একটু ভারী হয়। আর একই কারণে বাঙালির কাছে শীতে খাদির আবেদনও বেশি।‘খাদি বলতে আমরা এখনো খাদির শালকেই বুঝি। এই একটি ঐতিহ্য এখনো বাংলাদেশিরা লালন করে আসছে’—বলছিলেন নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান, ‘যদিও খাদির শাল আর আদি রঙে সীমাবদ্ধ নেই। তরুণদের চাহিদার সঙ্গে মিল রেখে শালে ডাই করা হচ্ছে। সবুজ, নানা রকম নীল, গেরুয়া, চকলেট, মেরুন রঙের শাল তৈরি হচ্ছে। বয়নে আধুুনিকায়নের ফলে একই শাল ছেলেমেয়ে সারা বছর পরতে পারবে।’‘শাল তো ছিলই, আধুনিক তরুণেরা খাদিকে আপন করে নিয়েছেন তাঁদের নিজস্ব স্টাইলে। তাই এই শীতে খাদি শুধু শীতের পোশাক নয়, হয়ে উঠেছে ফ্যাশন অনুষঙ্গ।’ আধুনিক ধাঁচের খাদির পোশাক নিয়ে এভাবেই বলছিলেন এমদাদ হক। তিনি আরও জানান, যুগে যুগে খাদির কদর বেড়েছে, কারণ এটি আমাদের চিরায়ত ঐতিহ্যের সঙ্গে জড়িত। আধুনিক তরুণ-তরুণীদের জন্য তাই খাদিতে তৈরি করা হচ্ছে আধুনিক ধাঁচের পোশাক। তাঁদের পছন্দেই খাদি রঙিন হয়ে উঠছে কমলা, হলুদ, বেগুনি, কালো, ছাইয়ের মতো উজ্জ্বল রঙে। ব্লক-বাটিকের পাশাপাশি টাইডাইয়ের কাজ হচ্ছে। যাঁরা আরেকটু বৈচিত্র্য পছন্দ করেন, তাঁরা আদিবাসী নকশা বেছে নিচ্ছেন।ছেলেদের খাদির পাঞ্জাবি জনপ্রিয় ছিল আগেই। এবার যুক্ত হয়েছে মেয়েদের পাঞ্জাবি। তার ওপর খাদির শাল। খাদির পনচো, কাফতানও অবশ্য পিছিয়ে নেই। ছেলেরা খাদিতেই বানিয়ে নিচ্ছেন ফতুয়া। শীতের সঙ্গে পাল্লা দিতে ভেস্ট কোটও তৈরি হচ্ছে খাদি থেকে। ছেলে ও মেয়ের উভয়ের জন্য খাদি পোশাকে হাতের কাজের প্রাধান্য থাকছেই। ছেলেদের শালে অবশ্য এখনো সাদাসিধে ভাবটাই রয়ে গেছে।তবে খাদির পোশাকে ফ্যাশন বা আলাদা স্টাইল ফুটিয়ে তুলতে সাজসজ্জার দিকেও মন দেওয়া জরুরি বলে মনে করেন এমদাদ হক। খাদির সঙ্গে আধুনিক জমকালো সাজ ভালো লাগে না। আবার আধুনিক খাদি পোশাকের সঙ্গে পুরো দেশি ধাঁচের সাজও বেমানান। তাই এমদাদ হক বলেন, খাদির পোশাকের সঙ্গে অনুষঙ্গ দেশি হলে ভালো হয়, কিন্তু তার ধাঁচটা হওয়া চাই আধুনিক। খাদির সঙ্গে লম্বা হাতলের ব্যাগ ভালো মানাবে, তা হতে পারে দেশি বুননের এবং রঙিন। হাতে কাঠের, তামার, বাঁশের, মাটির কিংবা কাঁসার অনেকগুলো ব্রেসলেট পরতে পারেন। অথবা কানে পরতে পারেন একই উপাদানের দুল। গলায় ঝোলাতে পারেন বড় লকেট। চুল খোলা থাকলেই অনেক বেশি প্রাণবন্ত দেখাবে। তবে সাজের বৈচিত্র্য আনতে পারেন চোখে। চোখটা অবশ্যই আকর্ষণীয় করে সাজানো চাই। আইলাইনার ও কাজল দিয়ে এঁকে নিয়ে সবুজ, নীল, কালো কিংবা বেগুনি রেখায় স্মোকি করতে পারেন। ঠোঁটের রং থাকবে স্বাভাবিক হালকা গোলাপি, পিচ কিংবা বাদামি। মানে, যতটা স্বাভাবিক রাখা সম্ভব।সবশেষে এমদাদ হক যোগ করলেন, ‘খাদি আমাদেরই সম্পদ। খাদি নিয়ে যত বেশি গবেষণা করা হবে, খাদিশিল্প তত বেশি বিকশিত হবে। তাই খাদিকে আরও অনেক দূর নিয়ে যেতে প্রয়োজন তরুণদের বেশি বেশি সম্পৃক্ততা। বাহার রহমানের মতে, খাদিকে বাঁচিয়ে রাখতে চাইলে এর ব্যবহার বাড়াতে হবে। সে ক্ষেত্রে তরুণরা খাদি নিয়ে নতুন কিছু করতেই পারেন। তরুণদের ফ্যাশনেই আলোকিত হোক খাদির বিকাশ।