খাদির বাড়ি
মেঘনা সেতু পেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বেশ খানিকটা আগে থেকেই দুটো জিনিসের কথা লেখা সাইনবোর্ড চোখে পড়বেই। কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই, আরেকটি কুমিল্লার খাদি। দুটোই ঐতিহ্য বহন করছে। রসমালাই নামের মিষ্টি কুমিল্লা এলাকার ঐতিহ্য বয়ে বেড়াচ্ছে। খাদি কাপড়ের ঐতিহ্য ও নামডাক আরও ব্যাপকতর। স্বদেশি আন্দোলনের সঙ্গী, স্বদেশি আন্দোলনের এক ধরনের প্রতীক এই খাদির বাড়ি কুমিল্লায়। শুধু সেই সময়েই নয়, এখনো খাদি সমাদৃত। আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে খাদি এখনো অতুলনীয়। শৈলেন্দ্রনাথ গুহ, চান্দিনা—খাদির বিকাশের সঙ্গে জড়িত একেবারে ওতপ্রোতভাবে। শৈলেন্দ্রনাথ গুহ পরলোকে গিয়েছেন ১৯৯৭ সালে। কিন্তু তাঁর খাদি হারিয়ে যায়নি। অকৃতদার ছোট ছেলে অরুণ গুহ শক্ত হাতে হাল ধরেছেন ‘গ্রামীণ খাদি’ নামের প্রতিষ্ঠানের। আমাদের গন্তব্য চান্দিনার এই প্রতিষ্ঠান। চান্দিনা বাসস্ট্যান্ড থেকে কিছুদূর এগিয়ে হাতের ডান দিকের একটি পাকা সড়ক ধরে ৫০০ গজের মতো গেলেই অরুণ গুহের গ্রামীণ খাদি। জায়গাটার নাম চান্দারপাড়। গ্রামীণ খাদির প্রাঙ্গণে ঢুকতেই বড়সড় এক উঠোন। বাঁশে ঝুলিয়ে শুকানো হচ্ছে সার সার খাদির ওড়না। টাইডাই করা। খাদির ওপর সাদা-লাল রং দেওয়া অনেকগুলো ওড়না চোখে পড়ল। আরও দেখা গেল পুরোটা সবুজ, হলুদ, লাল রঙে রাঙানো ওড়না। একটা ঘরের বারান্দায় বসে কাপড় দেখছিলেন অরুণ গুহ। নিয়ে গেলেন তাঁর ছোট্ট অফিসঘরটাতে। এ ঘরে মহাত্মা গান্ধীর ছবি আছে, তেলরঙে আঁকা শৈলেন গুহর একটা ছবিও আছে। আর আছে চান্দিনার খাদির সারা দেশে ও বিদেশে ছড়িয়ে পড়ার নানা ছবি। খাদি কাপড় তৈরির সুতা, তুলা, খাদির কিছু নমুনা—নানান কিছু আছে ছোট এই ঘরটাতেই। অরুণ গুহ জানালেন, তাঁদের আদি বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। শৈলেন্দ্রনাথ গুহ ১৯২৫-২৬ সালে চান্দিনার খাদির কারখানা অভয় আশ্রমে ডায়িং মাস্টার হিসেবে যোগ দেন। যাত্রা শুরুর গল্প। এর কিছুকাল আগে থেকে খাদির প্রচলন শুরু। শৈলেন্দ্রনাথ গুহর লেখা থেকে জানা যায়, মহাত্মা গান্ধী হাতে কাটা সুতা দিয়ে তৈরি (দেশি তাঁতে) কাপড়কে খদ্দর বা খাদি রূপ দিয়েছেন ১৯২০-২১ সালে। ১৯২১-২২ সাল থেকে রাঙামাটির কার্পাস তুলা দিয়ে সুতা কেটে খদ্দর তৈরি শুরু হয়। আর অভয় আশ্রম প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে। স্বদেশি আমলে আরও চালু হয় বিদ্যাশ্রম (জোরারগঞ্জ, চট্টগ্রাম), খাদি প্রতিষ্ঠান (মুন্সীরহাট, ফেনী ও আত্রাই, রাজশাহী), শিল্পাশ্রম (গায়েঘর, ফরিদপুর), প্রবর্তক সংঘ (চট্টগ্রাম), কল্যাণভান্ডার (চট্টগ্রাম) ইত্যাদি। ডায়িং মাস্টার হিসেবে চান্দিনায় এসে এখানেই থেকে গেলেন শৈলেন্দ্রনাথ গুহ। তাঁর খাদিরই ধারাবাহিকতা ধরে রেখেছেন অরুণ গুহ। কালে কালে খাদির বিবর্তন হয়েছে। খাদি এখন অনেক রঙিন। অরুণ গুহ জানালেন, প্রাকৃতিক ও রাসায়নিক—এই দুই ধরনের রং দিয়েই টাইডাই করা হচ্ছে। বিশেষ কিছু রাসায়নিক মিশ্রণে খাদি কাপড়কে চুবিয়ে ধবধবে সাদাও করা হয়। গ্রামীণ খাদিতে রঙের সেসব কাজ দেখা গেল। বললেন, ‘হাতে কাটা সুতা পাওয়াটা এখন দুষ্কর। তাই এক দিকে হাতে কাটা, আরেক দিকে মিলের সুতা দিয়ে তৈরি হচ্ছে বেশির ভাগ খাদি।’ তিনি জানান, খাদিতে এখন বৈচিত্র্য বেড়েছে অনেক। আর মানটাও হয়েছে উন্নত। ঢাকার বিভিন্ন ফ্যাশন হাউসের চাহিদা অনুযায়ীই মূলত সরবরাহ করা হয় খাদি। ফলে নিরীক্ষা হচ্ছে প্রতিনিয়ত। চান্দারপাড়েই একটু ভেতরে বাড়ি ফাতেমা বেগমের। তিনি তুলা থেকে চরকায় সুতা কাটেন। জানালেন তুলা থেকে এক কেজি সুতা কাটলে পাওয়া যায় ৭০ টাকা। অরুণ গুহ বললেন, বিভিন্ন জায়গায় চরকায় সুতা কাটাতে হয়। তুলা থেকে সুতা কাটার জন্য সব মিলিয়ে এখন প্রায় ৭০০ চরকা আছে। তাই হাতে কাটা সুতার স্বল্পতা। চান্দারপাড় থেকে দু-তিন কিলোমিটার দূরে পাওয়া গেল খাদি বোনার তাঁত। সুতা টানা ও তাঁতে বোনা চলছে সেখানে বংশপরম্পরায়। গন্তব্য এবার গান্ধী আশ্রম চান্দিনার পাশাপাশি খাদি তৈরি হচ্ছে সোনাইমুড়ীর (নোয়াখালী) জয়াগে। এখানেই গান্ধী আশ্রম। সড়কপথে প্রায় আড়াই ঘণ্টার পথ। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। অপেক্ষা করছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার। খাদি নিয়ে প্রকল্প আছে এ আশ্রমের। তুলা থেকে সুতা কাটা, তাঁতে বোনা, টাইডাই—সবকিছুই হচ্ছে এখানে। গান্ধী আশ্রম ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হলেও এখানে খাদির প্রকল্প শুরু করা হয়েছে পাঁচ-ছয় বছর ধরে। এখানে বিশেষভাবে দেখার বিষয়টা হলো খাদির সব কাজ করেন নারীরা। রাহা নবকুমার জানালেন, এখানে খাঁটি মানে আদি খাদিই তৈরি করা হয়। মোট ২৮ জন কর্মী আছেন এই প্রকল্পে। চিকন সুতা ও মোটা সুতার ব্যবহার নিয়ে চলছে নিরীক্ষা। নিরীক্ষা চলেছে রং নিয়েও। প্রাকৃতিক রঙে ৩০০ রকমের শেড তৈরি করা হয়েছে গান্ধী আশ্রমে। এখানেও সুতা প্রাপ্তির সমস্যার কথা জানা গেল। নবকুমার বললেন, ‘আমরা বাড়ি বাড়ি চরকা দেওয়া শুরু করব। গান্ধী আশ্রমেও শুধু ফ্যাশন হাউসগুলোর চাহিদা অনুযায়ী খাদি তৈরি করা হয়।’ গান্ধী আশ্রমে আছে একটি জাদুঘর। মোহনদাশ করমচাঁদ গান্ধীর জীবনকর্ম ইত্যাদি এখানে তুলে ধরা হয়েছে। জাদুঘরের মাঝখানে আছে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি। তাঁর গলায় মালার মতো করে ঝুলিয়ে রাখা হয়েছে এক গোছা খাদি সুতা। হাতে কাটা এই সুতা স্বদেশি আন্দোলনে জুগিয়েছে অনুপ্রেরণা। প্রায় ৯০ বছর পর আজও খাদির এই সুতা যেন অমলিন। সহযোগিতা: তারিকুর রহমান খান