খাদ্য-পানীয়ে আসক্তির নেপথ্যে

কোনো কোনো খাবার খেতে ভালো লাগে আমাদের। এগুলো আমাদের পছন্দের খাবার। আবার কিছু কিছু খাবার আছে যা আমরা খেতে যেমন পছন্দ করি, তেমনি কখনো কখনো সে সব খাবার খেতে আমাদের যেন প্রাণ আনচান করতে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন একটা খাবার খেতে পছন্দ করা আর কোনো একটা খাবারের প্রতি বিশেষ আসক্তি, সেটা খেতে তীব্র আকাঙ্ক্ষা জাগা আসলে দুটো ভিন্ন বিষয়।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেন্ট বেরিজ বলেছেন, খাবারের এই পছন্দ এবং আসক্তির মধ্যে পার্থক্য থেকে বোঝা যায়, আমাদের মস্তিষ্ক যতটা ভাবা হতো তার চেয়ে বেশি সংবেদনশীল। কোনো খাবার খাওয়া বা পানীয় পান করার সময় আমাদের মস্তিষ্কে স্নায়ু-রাসায়নিকের অভিঘাতে তা আমাদের মধ্যে ভালো লাগা বা খারাপ লাগা তৈরি করে।
পছন্দ ও আকাঙ্ক্ষা
গত শতকের নব্বইয়ের দশক পর্যন্ত স্নায়ুতত্ত্ববিদেরা বিশ্বাস করতেন মস্তিষ্কে ‘প্রণোদনা’ এবং ‘আনন্দ’ সৃষ্টি হওয়া সমার্থক। আর যে স্নায়ু রাসায়নিক আমাদের ‘আনন্দ’ দেয় তা বারবার ফিরে আসতে চায় বা ‘আসক্তি’ তৈরি করে। বিষয়টা যেমন এমনই সরল। কিন্তু বেরিজ অনেকটা দুর্ঘটনাবশতই আবিষ্কার করেন যে, মস্তিষ্কে প্রণোদনা সৃষ্টির এই প্রক্রিয়ার দুটো অত্যাবশ্যক ‘পথ’ আছে। যাকে এখন সাধারণভাবে ‘পছন্দ’ ও ‘আকাঙ্ক্ষা’ হিসেবে অভিহিত করা হয়।
কেন্ট বেরিজ প্রথমে একটা ইঁদুরের ‘আসক্তি’র স্নায়ুপথ বিকল করে দিয়ে সেটাকে মিষ্টি খেতে দেন এবং ইঁদুরটির মুখের অভিব্যক্তি লক্ষ্য করেন। আরও খাওয়ার জন্য ইঁদুরটির মধ্যে আসক্তি তৈরি না হলেও মিষ্টি খাবারটা সে উপভোগ করছিল। ফলে এটা বোঝা যায় যে আসক্তি ছাড়া আরও খাদ্যের চাহিদা বা আকাঙ্ক্ষা তৈরি হয় না, কিন্তু আনন্দ ভিন্ন জিনিস। ইঁদুর ও অন্যান্য প্রাণীর ওপর এর পরীক্ষা চালানোর পর মানুষের ওপরও এমন পরীক্ষায় এই ধারণার সপক্ষে প্রমাণ মিলেছে।
তবে, অবশ্যই পছন্দ ও আকাঙ্ক্ষা পরস্পরে সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। মস্তিষ্কের প্রণোদনা ব্যবস্থার বিষয়ে আমরা খুবই অল্প সচেতন বা আমাদের কোনো সচেতনতাই নেই। কিন্তু আসল কথা হলো আমাদের সচেতন মন মস্তিষ্কের এই প্রণোদনাকে এবং খাবারের বিষয়ে আমাদের পছন্দ-অপছন্দের বিষয়টিকে অগ্রাহ্য করতে পারে। অ্যালকোহল বা গরম কফি প্রথমবার খেলে কারও কারও তরল আগুন পান করার কথা মনে হতে পারে। কিন্তু এই পানীয় সম্পর্কে আমাদের সামাজিক ধারণা, এসব পানের জন্য উত্সাহের কারণে আমরা প্রথম প্রথম তা পান করি। পরে ক্যাফেইন এবং ইথানলের স্বাদে অভ্যস্ত হই। এভাবে পানের আনন্দ পেয়ে প্রথমে এর আকাঙ্ক্ষা তৈরি হয়, পরে আসক্তি।
আনন্দের রসায়ন
আসক্তি থেকেই যদি আকাঙ্ক্ষা তৈরি হয় তাহলে পছন্দ তৈরি হয় কী থেকে? ব্যাপারটা পুরোটাই রাসায়নিক। আমরা যখন কোনো একটা খাবার খেয়ে তা উপভোগ করতে থাকি, তখন মস্তিষ্ক থেকে দুই ধরনের রাসায়নিক নির্গত হয়। এরা হলো ‘এনডোরফিন’ ও ‘এনকেফালিন’। আর এসব রাসায়নিকই আমাদের মধ্যে খাদ্য-পানীয়ে আনন্দের অনুভূতি তৈরি করে।
মিষ্টি ব্যথানাশক
খেতে মিষ্টি লাগে এমন খাবার ব্যথানাশক হিসেবে শিশুদের জন্য খুবই কার্যকর বলে জানি আমরা। ফিলাডেলফিয়ার ‘মনেল কেমিক্যাল সেন্সেস সেন্টার’-এর গবেষক জুলিয়া মানেলা বলেন, ‘এ কারণেই এখন অনেক হাসপাতালের শিশু বিভাগই খতনা বা এমন ছোটখাটো সার্জারির সময় শিশুদের চিনির পানি পান করায়।’ আবার ব্যথা সহ্য করার জন্য দুই হাত ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখার পরীক্ষা বহুল প্রচলিত। মানেলা নিজে শিশুদের মিষ্টি খাওয়ানো এবং ঠান্ডা পানির যৌথ প্রয়োগ নিয়ে পরীক্ষা চালান। তিনি দেখতে পান, মুখে মিষ্টি থাকলে শিশুরা বেশি সময় ধরে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখতে পারে, ঠান্ডাটা সহ্য করতে পারে।
ভালোবাসার চেয়ে আকাঙ্ক্ষা শক্তিশালী
অনেক বিজ্ঞানীই ধারণা করতেন যে পছন্দ ও আকাঙ্ক্ষা দুটির রাসায়নিকেরই সমান প্রভাব আছে। কিন্তু দেখা গেছে যে পছন্দর রাসায়নিকের চেয়ে আকাঙ্ক্ষার রাসায়নিক বেশি শক্তিশালী। কেন্ট বেরিজ জানান, মস্তিষ্কে পছন্দের রাসায়নিকের ভিত্তি আকাঙ্ক্ষার রাসায়নিকের চেয়ে অনেক দুর্বল। এই বিজ্ঞানী আরও বলেন, ‘এ জন্যই আমাদের জীবনে গভীর আনন্দের অনুভূতি কম হয়, কম সময় থাকে আর গভীর আকাঙ্ক্ষার মস্তিষ্কে অনেক বেশি স্থায়ী হয়, অনেকটা জুড়ে থাকে।’ তিনি মনে করেন, মস্তিষ্কে আকাঙ্ক্ষার এই প্রাবল্যই নিশ্চিত করতে চায় যে আমরা আমাদের পছন্দের জিনিসটি খুঁজে পাব।’