খাদ্যগুদাম নেই পেকুয়া উপজেলায়
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এখনো খাদ্যগুদাম প্রতিষ্ঠা হয়নি। উপজেলায় উন্নীত হওয়ার পর ১১ বছর পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ দপ্তরটির জন্য কোনো কর্মকর্তাও পেকুয়ায় দেওয়া হয়নি।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘পেকুয়া উপজেলায় খাদ্যগুদাম না থাকায় খুব কষ্টে আছি। ভিজিডি, ভিজিএফ, টিআর ও কাবিখার চাল-গম চকরিয়া অথবা রামু উপজেলা খাদ্যগুদাম থেকে আনতে হচ্ছে। তার জন্য অতিরিক্ত পরিবহন খরচও গুনতে হয়। আর তা বহন করতে হচ্ছে নিজেদেরই।’
এ ব্যাপারে শিলখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন বলেন, ‘চকরিয়া থেকে চাল আনতে চার গুণ খরচ বেশি পড়ে।
এ ছাড়া চকরিয়ার ১৮টি ইউনিয়নের কাজ ফেলে কর্মকর্তারা আমাদের কাজ করতে চান না। প্রচুর সময়ও চলে যায় চাল ছাড়িয়ে আনতে। এতে ভোগান্তি বাড়ে। বর্ষায় চকরিয়া খাদ্যগুদামের সামনের অংশ ডুবে যায়। তাতে ভিজিডি, ভিজিএফ চাল আনতে অনেক দেরিও হয়ে যায়। এলাকার দুস্থ ও গরিব লোকজনের তখন কষ্টের সীমা থাকে না।’
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ প্রথম আলোকে বলেন, জেলা সমন্বয় সভায় একাধিকবার খাদ্যগুদামের বিষয়টি উত্থাপন করা হয়েছে। এ ছাড়া চিঠিও লেখা হয়েছে একাধিকবার কিন্তু কোনো উত্তর আসছে না।