খাদ্যগ্রহণ ও জীবন যাপনে সচেতন হলে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়। আমাদের দেশের বেশির ভাগ মানুষের ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ অস্বাস্থ্যকর খাবার। এ ছাড়া খাদ্যের অনুপাতে পরিশ্রম না করাও এই রোগে আক্রান্ত হওয়ার জন্য দায়ী। খাদ্যগ্রহণ ও জীবন যাপেন সচেতন হলে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।
গতকাল শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আয়োজনে সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আবু মহসিন। বিশেষ অতিথি ছিলেন সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম। এর আগে শোভাযাত্রা বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। এঁদের প্রায় সবাই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। এ ধরনের ডায়াবেটিসের জন্য দায়ী অস্বাস্থ্যকর খাবার। জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তন এনে ডায়াবেটিস রোগী সারা জীবন সুস্থ থাকতে পারেন। আর যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাঁরা একটু সচেতন হলেই এ রোগ প্রতিরোধ করতে পারেন।
সমাবেশে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানান। তিনি রোগীদের সেবায় এই হাসপাতালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে প্রায় দুই লাখ পূর্ণবয়স্ক রোগী ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে খুলশীর ডায়াবেটিক হাসপাতালে নিবন্ধিত রোগীর সংখ্যা দেড় লাখের মতো।
এদের মধ্যে নারী রোগীর সংখ্যা ৮৪ হাজার আর পুরুষ রোগীর সংখ্যা ৬৪ হাজার। এ ছাড়া নিবন্ধিত শিশু রোগীর সংখ্যা সাড়ে সাত শ।
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা হাসিনা আকতার জানান, প্রতিদিন গড়ে ১০০ নতুন রোগী নিবন্ধিত হচ্ছেন। এঁদের বেশির ভাগেরই বয়স ৩৫ থেকে ৫০ বছরের ভেতরে। শুধুমাত্র পুষ্টি সম্পর্কে অসচেতনতার কারণে এই রোগ বাড়ছে। শারীরিক স্থূলতা এ রোগের ঝুঁকি ২০ গুণ বাড়িয়ে দেয়।