খাদ্যপণ্যের দাম কমছে
খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পড়েছে বাজারে। গত এক মাসের ব্যবধানে খুচরা বাজারে অন্তত সাতটি পণ্যের দাম কমেছে। পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। অনেক দিন পর একসঙ্গে বেশির ভাগ নিত্যপণ্যের দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানান। বাজার ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে মোটা চাল, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, আলু, পেঁয়াজ ও হলুদ—এই সাতটি পণ্যের দাম কমতির দিকে। এসব পণ্যের দাম কমেছে কেজিপ্রতি দুই থেকে আট টাকা পর্যন্ত। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে শতকরা হিসাবে দাম কমার হার ১ থেকে ১৪ শতাংশ। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সিরাজুল ইসলাম গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি নিত্যপণ্যের দাম কমায় কিছুটা হলেও স্বস্তিতে আছি। তবে দাম কমার এই হার মাসিক বাজার খরচে খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ সবজি ও মাছ-মাংসের বাজার করতে পকেট খালি হয়ে যায়।’ সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের নানা কর্মসূচিতে কম দামে চাল বিতরণ এবং চালের সরবরাহ বাড়ায় বাজারে চালের দামে প্রভাব পড়েছে। খাদ্য বিভাগের হিসাবে, এবার বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ এ পর্যন্ত সাড়ে সাত লাখ টন চাল সংগ্রহ করেছে। আমদানি ও দেশীয় সংগ্রহ মিলিয়ে সরকারের হাতে এখন সাড়ে ১২ লাখ টন চাল মজুদ আছে। গত তিন মাসে খোলাবাজারসহ নানা কর্মসূচিতে বিতরণ করা হয়েছে দুই লাখ টন চাল। সংগ্রহ ও বিতরণের এমন তথ্যই বাজারে প্রভাব ফেলছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে ঘুরে জানা যায়, স্বর্ণা চালের দাম বস্তাপ্রতি (৫০ কেজি) ১০০ টাকা কমে সাপ্তাহিক লেনদেনের শেষ দিন গত বৃহস্পতিবার বিক্রি হয়েছে এক হাজার ৫৫০ টাকায়। ভালো মানের জিরাশাইল চাল ৫০ কেজির বস্তায় কমেছে ৬০ টাকা। বৃহস্পতিবার এই চাল বিক্রি হয় এক হাজার ৯০০ টাকায়। একইভাবে মিনিকেট সেদ্ধ চালের দাম কমে বিক্রি হচ্ছে এক হাজার ৭৪০ থেকে ৭৮০ টাকায়। বাজারে সাধারণ মানের আতপ চাল বস্তাপ্রতি কমেছে ৩০ থেকে ৫০ টাকা। বৃহস্পতিবার বেতি আতপ চাল বিক্রি হয় বস্তাপ্রতি এক হাজার ২৩০ থেকে ২৪০ টাকা। মিনিকেট আতপ বিক্রি হয় এক হাজার ৬৩০ থেকে ৬৭০ টাকায়।এ প্রসঙ্গে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, ‘দাম কমে যাওয়ায় চালের দাম এখন সহনীয়। তবে আমন মৌসুমে কৃষকেরা যাতে ন্যায্য দাম পান, সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে। কারণ, কৃষকেরা ন্যায্য দাম না পেলে পরের মৌসুমে ধান আবাদে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।’চাল ছাড়াও নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল পামের দাম কমেছে মণপ্রতি ১০০ টাকা। গত বৃহস্পতিবার খাতুনগঞ্জে প্রতিমণ পামতেল বিক্রি হয় সাড়ে তিন হাজার টাকায়। এ হিসাবে এক মাসের ব্যবধানে পামতেলের দাম কমেছে মণপ্রতি ২০০ টাকা। এক সপ্তাহের ব্যবধান ধরলে দাম কমেছে মণপ্রতি ১০০ টাকা। খুচরায় পামতেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯৭ থেকে ৯৮ টাকা।একইভাবে এক মাসের ব্যবধানে চিনির দামও কমেছে মণপ্রতি ৩৬০ টাকা। খাতুনগঞ্জে এখন চিনি বিক্রি হচ্ছে প্রতি মণ দুই হাজার ৪০ টাকা দরে (কেজিপ্রতি ৫৪ টাকা ৬৬ পয়সা)। খুচরায় অবশ্য চিনি কেজিপ্রতি ৫৮ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি ১৪ থেকে ১৫ টাকা, মসুর ডাল কেজিপ্রতি দুই টাকা এবং আমদানি করা হলুদ ৪০ টাকা কমেছে।